সেলফি তুলতে চেয়ে রেখার হাতে চড় খেলেন অনুরাগী
তবে চড় মারার ভঙ্গিটি ছিল নিতান্তই মজার।
আলোকচিত্রীদের সঙ্গে দুর্বব্যহারের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। অনেকটা তার মতই ব্যবহার করতে দেখা গেল হিন্দি সিনেমার আরেক অভিনেত্রী রেখাকে।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক অনুষ্ঠানে সাবেকি সাজে হাজির হয়েছিলেন রেখা। সেখানে এক অনুরাগী তার সঙ্গে সেলফি তুলতে চান। এ কথা শুনে ওই ব্যক্তির গালে হালকা করে চড় মেরে সামনের দিকে এগিয়ে যান এই অভিনেত্রী।
তবে চড় মারার ভঙ্গিটি ছিল নিতান্তই মজার। ওই ভিডিও নিয়ে নানা ধরনের মন্তব্য এসেছে সোশাল মিডিয়ায়। কেউ লিখেছেন "বাহ! রেখার হাতে চড়! জীবনে আর কিছুর প্রয়োজন নেই।"
কেউ কেউ আবার সমালোচনা করে বলেছেন, " জয়াকে সহ্য করতে না পারলে কি হবে, তাকেই বুঝি রেখা অনুসরণ করছেন।"
ব্যক্তিজীবন নিয়ে বরাবরই বিতর্কিত রেখা কিছুদিন আগে ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে ফের আলোচনায় আসেন।
রেখার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী ফারজানা ‘লিভ ইন’ সম্পর্কে আছেন, এমন তথ্য প্রকাশ করে কয়েকটি ভারতীয় গণমাধ্যম।
২০১৬ সালে প্রকাশিত রেখার বায়োগ্রাফি ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ে এমন তথ্য উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়। পরে অবশ্য বইয়ের লেখক ইয়াসের উসমান এক টুইটে বলেন, তার বইয়ে এমন কোনো তথ্য নেই।
উসমান বলেন, "‘আমার বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’কে উদ্ধৃত করে যেসব খবর প্রকাশিত হয়েছে, তা ভুয়া। এটা মূলত শোরগোল তৈরির জন্য করা হয়েছে। সংবাদমাধ্যমের খবরে যা বলা হয়েছে, তা আমার বইতে নেই।’
তবে রেখা ও ফারজানার সম্পর্ক নিয়ে খবরটিও সাড়া ফেলেছিল। খবরের পক্ষে-বিপক্ষে মন্তব্যও এসেছিল অনেক।
ব্যক্তি ও অভিনয় জীবসে সংগ্রামী রেখা বরাবরই ঘটনা ও দুর্ঘটনার জন্ম দিয়েছেন। এক রহস্যময় জীবন যাপন করে চলছেন এখনও। বর্তমানে সিনেমা থেকে দূরে থাকা রেখা জানিয়েছেন, আগামীতে ফের তাকে পর্দায় দেখাও যেতে পারে। তার ভাষ্য, " তিনি বিশ্বাস করেন, কাজই তাকে খুঁজে নেবে।" সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
