পরীমনির স্বাভাবিক হতে সময় লাগবে কেন?
পরিমনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে বেছে বেছে, ভাল ভাল কাজ করবেন তিনি।
একমাত্র অভিভাবক নানাভাইকে হারনো ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি চেষ্টা করছেন শোক সামলে উঠতে। তবে স্বাভাবিক মন নিয়ে কাজে ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে নিজের মানসিক অবস্থা সাংবাদিকদের কাছে খোলাসা করেন আলোচিত এই নায়িকা।
কাজের পাশাপাশি সোশাল মিডিয়ায় দারুণ সক্রিয় থাকা পরীমনিকে ইদানিং সেভাবে আর পাওয়া যাচ্ছে না কেন প্রশ্নে এই নায়িকা বলেছেন, তিনি হারিয়ে যাননি, ভালোই আছেন।
ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে পরীমনি বেড়ে ওঠেন ভাণ্ডারিয়ায় নানা বাড়িতে। সেখান থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছেন পরীমনি।
পরীমনির ভাষ্য অনুযায়ী, নানা শামসুল গাজীই ছিলেন তার 'অভিভাবক'। পরীমনি ঢাকায় স্থায়ী হলেও তার নানা শামসুল হক ভাণ্ডারিয়াতেই থাকতেন। তবে পরীমনির সুসময়-দুঃসময়ে বরাবর নাতনির পাশে দেখা গেছে তাকে।
ছয় বছর আগে বাবা দিবসে এক ফেইসবুক পোস্টে পরীমনি বলেছিলেন, তার নানা শামসুল হক গাজীকেই তিনি 'বাবার জায়গা দিয়েছেন'।
নানাও মনে করতেন নাতনিই 'তার সব'। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামসুল হক গাজী বলেছিলেন, "আমার কাছে একদিকে পৃথিবী আরেক দিকে পরী। ওই-ই আমার পৃথিবী।"
নানাভাইয়ের কথা স্মরণ করে ঢাকার অনুষ্ঠানে সাংবাদিকদের পরীমনি বলেছেন, “নানু মারা যাওয়ার পর আমার স্বাভাবিক হতে সময় লাগবে। তবে আমি ভেঙে পড়ার মানুষ নই।“
বর্তমানে ওয়েব সিরিজ, ওয়েব সিনেমা, বড় পর্দার একাধিক সিনেমার কাজ শুরু করা পরীমনি তার ক্যারিয়ার নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। আমি সিদ্ধান্ত নিয়েছি, একদম বেছে বেছে, ভাল ভাল কাজ করব।
এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সব কিছু ভেবেই শুটিং করতে হবে।“
গত বছর সন্তান জন্মের কারণে প্রায় দুই বছর শুটিং থেকে দূরে ছিলেন পরীমনি। মাঝে পারিবারিক কারণে বহুবার আলোচনায় এসেছেন।
সম্প্রতি স্বামী শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েও আলোচনার জন্ম দিয়েছেন।
কয়েকমাস আগে বিরতি ভেঙে ফের শুটিং সেটে ফিরেছেন এই নায়িকা। এই অধ্যায়কে পরীমনি মনে করছেন,তার জীবনের দ্বিতীয় ইনিংস।
আরও পড়ুন:
