পাকিস্তানি অভিনেতার চোখে শাহরুখ খান যেমন
হুমায়ুনকে আশ্বস্ত করে শাহরুখ বলেছিলেন, ‘চাপ নিও না। আমি সামলে নেব’।
শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানালেন পাকিস্তানি অভিনেতা হুমায়ুন সাইদ।
২০০৫ সালে লন্ডনে জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউড তারকার সঙ্গে কাটানোর অভিজ্ঞতা সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাঈদ।
‘উত্তেজনাময়’ সেই দিনে শাহরুখ বেশ বিনয়ী ছিলেন বলে জানান পাকিস্তানি অভিনেতা।
তিনি বলেন, “সেদিন তার ঘরেই ছিলাম আমরা। তিনি আমাকে পাশে বসিয়ে ভারত ও পাকিস্তানের সিনেমা নিয়ে আলোচনা করেন। সেই সময় হলে নির্মাতা মেহরীন জব্বার ও শানের সিনেমা চলছিল। সেসব নিয়ে কথাও বলেন তিনি। এমনকি পাকিস্তানি সিনেমা ভারতে মুক্তি দেওয়া উচিৎ বলেও মত জানান তিনি।
“সেদিন বেশ স্বস্তি দিয়েছিলেন তিনি আমায়। যেহেতু অনুষ্ঠানের ঠিক আগের দিন সেটে পৌঁছাই আমি, ঠিক কিছুই বুঝতে পারছিলাম না কী করব! শাহরুখ আমাকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘চাপ নিও না। আমি সামলে নেব’।”
এর আগেও পাকিস্তানি সংবাদমাধ্যমকেও একই কথা বলেছিলেন হুমায়ুন সাঈদ।
নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’র মধ্যদিয়ে হলিউডে আত্মপ্রকাশ করেছেন পাকিস্তানের এ অভিনেতা।
