২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুছতে না পারা ‘দাগ’ নিয়ে আসছেন মোশাররফ করিম

নতুন ওয়েব সিনেমায় আসছেন এই অভিনেতা।

মুছতে না পারা ‘দাগ’ নিয়ে আসছেন মোশাররফ করিম

দাগ এ মোশাররফ করিম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 06:29 PM

Updated : 23 Oct 2022, 06:29 PM

“দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়ত অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনও এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম, কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।”

নিজের নতুন ওয়েব সিনেমার গল্প এভাবেই বললেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দাগ নামের এই সিনেমার দৃশ্য ধারণ শেষ, এখন মুক্তির অপেক্ষা ওটিটি প্ল্যাটফর্মে।

মোশাররফ বলেন, “গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবে। সেই সাথে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে। ধন্যবাদ এই কাজের সঙ্গে জড়িত সকলকে।”

দাগে আরও অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।

এর নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, “আমার জন্য খুব অসাধারণ একটা জার্নির গল্প দাগ। গল্পটাকে প্রোপার একটা রূপ দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি।

“আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনো নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে হিরো সামাজিক ইস্যু। আশা করছি দর্শককে ভালো কিছুই দিতে পারব।”

“আর দাগ মানে এখানে আমরা কোনো স্পটকে বোঝাইনি। এখানে সমাজের বাধাগুলোকে বোঝাতে চেয়েছি। যে বাধাগুলো আমরা এখনও পেরোতে পারিনি,” বলেন তিনি।

মোশাররফ করিমকে নিয়ে নির্মাতা সঞ্জয় বলেন, “মোশাররফ করিমের সাথে কাজ করার অভিজ্ঞতা বরাবর আমার জন্য আনন্দের। সেই সাথে অন্য যারা ছিলেন সকলেই খুব দুর্দান্ত কাজ করেছেন।”

ওটিটি প্ল্যাটফর্ম চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই মুক্তি পাবে ‘দাগ’।