Published : 10 Jul 2023, 12:55 AM
প্রস্তুতি নিয়েও কোরবানির ঈদে মুক্তি দেওয়া হয়নি সাইবার থ্রিলারধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। শেষ মুহূর্তে কেন সিনেমাটির মুক্তি পেছানো হয়েছিল? তার দুটি কারণ ব্যাখ্যা করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সেই সঙ্গে সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখও ঘোষণা করা হয়েছে।
অন্তর্জাল সিনেমার প্রযোজক মোহাম্মদ আলী হায়দার গ্লিটজকে বলেন, “সব দিক মাথায় রেখে আমরা অন্তর্জাল মুক্তির তারিখ চূড়ান্ত করেছি ৮ সেপ্টেম্বর, ২০২৩।”
ঈদে মুক্তি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে অন্তর্জালের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, "শেষ সপ্তাহে আমরা ঈদে মুক্তি থেকে সরে আসি দুটি কারণে- ১. আমরা চেয়েছি সবগুলো সিনেমা ব্যবসা করুক। ২. বাংলাদেশের সিনেমাহলের ব্যবসা ঈদকেন্দ্রিক না হয়ে সারা বছরের হোক, নয়তে সিনেমা হল টিকে থাকতে পারবে না।"
এবারের ঈদে সিনেমার জোয়ার দেখে অন্তর্জাল টিম খুশি উল্লেখ করে মোহাম্মদ আলী হায়দার বলেন, “আমরা খুব আনন্দিত যে আমাদের প্রথম কারণটি পুরোপুরি সফল হয়েছে। ঈদের সিনেমার মান ও দর্শকদের ভালবাসা এই দুই মিলে ঈদের সিনেমা একটা ব্যাপক জোয়ার তৈরি করেছে। বাংলা সিনেমার ঈদে যে জোয়ার এসেছে তাতে আমরা আনন্দিত ও অনুপ্রাণিত।"
'অন্তর্জাল’ বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র উল্লেখ করে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন।
‘অন্তর্জাল’র গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক দীপংকর দীপন নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজন করেছে মোশন পিপল স্টুডিও।
অভিনয়শিল্পীরা দীর্ঘদিন এই সিনেমার জন্য পরিশ্রম করেছেন জানিয়ে আলী হায়দার বলেন, “তারা প্রস্তুতি নিয়েছেন- চরিত্রের সাথে মিশে যাবার জন্য গবেষণা ও রিহার্সাল করেছেন। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত তিনজন অভিনয়শিল্পী এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন- সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মিম, সুনেরাহ বিনতে কামাল। যারা ইতোমধ্যে মেধাবী অভিনয়শিল্পী হিসাবে প্রমাণিত। তাদের সাথে এই সিনেমায় আছেন এবিএম সুমন, মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসানসহ অনেকে। তারা অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন বলে আমাদের বিশ্বাস।”