২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় অ্যাডাম-জেনিফার

পরিচালক জেসন রিটম্যানের নতুন সিনেমা ‘মেন, উইমেন এবং চিলড্রেন’-এ অভিনয় করবেন অ্যাডাম স্যান্ডলার এবং জেনিফার গারনার। ক্যামেরন ডিয়াজও অভিনয় করতে পারেন সিনেমাটিতে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 02:55 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

ডেডলাইন জানিয়েছে, উপন্যাসিক চ্যাড কাল্টজেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হবে নতুন এই সিনেমাটি। আর সিনেমাটিতে অভিনয়ের জন্য হলিউডের সব প্রথম সারির শিল্পীদের নিতে চান জেসন।

ব্যাং শোবিজের খবর অনুযায়ী সিনেমাটির কাজ শুরু হবে নভেম্বরে। এতে অ্যাডাম এবং জেনিফারের সঙ্গে আরও থাকবেন অভিনেত্রী রোজমেরি ডেউয়িট। আরও শোনা যাচ্ছে ক্যামেরন ডিয়াজের নাম।

কাল্টজেনের এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে একটি পরিবারকে ঘিরে। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা ইন্টারনেটের বদৌলতে কীভাবে পর্নোগ্রাফি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আসক্ত হয়ে পড়ছে, সেই বিষয় নিয়ে এগিয়ে গেছে কাহিনি।

জেসন তার পরিচালিত ২০০৭ সালের সিনেমা ‘জুনো’ মুক্তির পর জনপ্রিয়তা লাভ করেন। তার সিনেমা ‘আপ ইন দ্য এয়ার’ সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়।

বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘লেবার ডে’ নিয়ে। কেইট উইন্সলেট অভিনীত সিনেমাটি চলতি সপ্তাহে মুক্তি পাবে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে।

এদিকে অ্যাডাম সম্প্রতি অভিনয় করেছেন ‘গ্রোউন আপস টু’ সিনেমায়। এতে অ্যাডাম অভিনয় করেছেন সালমা হায়েক, কেভিন জেমস এবং ডেভিড স্পেডের সঙ্গে।

আর জেনিফার ব্যস্ত আছেন ডিজনির একটি পারিবারিক সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটির নাম ‘আলেকজান্ডার অ্যান্ড দ্য টেরিবল, হরিবল, নো গুড, ভেরি ব্যাড ডে’, এটি মুক্তি পাবে ২০১৪ সালের ১০ অক্টোবর।