বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেয়েছে 'জওয়ান', মুক্তিতে বাধা নেই
এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে।
আন্তর্জাতিক মুক্তির দিনে শাহরুখ খান অভিনীত 'জওয়ান' বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সেন্সরবোর্ডের সদস্যরা ভারতীয় এ সিনেমার ‘আনকাট’ ছাড়পত্র দিয়েছেন বলে গ্লিটজকে জানিয়েছেন বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।
তিনি বলেন, “আন্তর্জাতিক মুক্তির দিনই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাওয়ায় আমরা খুশি। আজ সন্ধ্যায় কেবল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে জওয়ান, কাল শুক্রবার থেকে দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে।"
‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু।
অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
