১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটছে 'জওয়ান', মান্নাতের ছাদে শাহরুখ

‘জওয়ান’ ওটিটিতে মুক্তি পেলে সিনেমাটি নতুনভাবে দেখতে পারবেন দর্শক," বলছেন অ্যাটলি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 06:23 PM

Updated : 26 Jan 2024, 06:23 PM

ভারতের সাপ্তাহিক ছুটির দিনে বলিউডি তারকা শাহরুখ খানকে দেখা গেল মুম্বাইয়ের দুই জায়গায়। একটি হল প্রেক্ষাগৃহে 'জওয়ান' সিনেমায়, দ্বিতীয় জায়গা হল তার বাসভবন মান্নাতের ছাদে।

ঈদ, জন্মদিন বা সিনেমার সাফল্য- বলা যায় বিশেষ উদযাপনের দিনে শাহরুখ বাড়ির ছাদের উঠে সশরীরে দেখা দেন ভক্তদের। 'জওয়ান' মুক্তির পর যখন থেকে সিনেমাটি ছুটছে বিজয়রথ নিয়ে, তখন থেকেই সোশাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের প্রশ্ন ছিল, কখন দেখা দেবেন বাদশাহ?

অবশেষে রোববার অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মান্নাতের ছাদে দর্শন দিয়েছেন শাহরুখ খান। সানগ্লাস চোখে নীল টি শার্ট আর কালো প্যান্টে বাইরে আসেন শাহরুখ।

নায়কের দেখা মিলতেই তার নাম ধরে ডাকতে শুরু করেন অনুরাগীরা। কখনও করজোরে ধন্যবাদ জানান তিনি, আবার কখনও উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা যায় তাকে। দু হাত দুদিকে প্রসারিত করে দেন আইকনিক পোজ।

শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে মুক্তির পর থেকে এ পর্যন্ত 'জওয়ান' ঘরে তুলেছে ৭৯৭.৫০ কোটি রুপি। এর মধ্যে দেশের বক্স অফিসে ১০ দিনে মোট ৪৩৯ কোটির ব্যবসা করেছে ‘জওয়ান’।

নির্মাতা অ্যাটলি কুমার জানিয়েছেন, ওটিটিতে ‘জওয়ান’ আসছে নতুন চমক নিয়ে। ওটিটির জন্য তিনি 'জওয়ান’ এর নতুন প্রিন্ট জমা দিতে চলেছেন।

এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, "আমার মাথায় কিছু পরিকল্পনা আছে। ‘জওয়ান’ ওটিটিতে মুক্তি পেলে সিনেমাটি নতুনভাবে দেখতে পারবেন দর্শক।"

সংবাদসূত্র: হিন্দুস্তান টাইমস

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)