৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল

‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে আগামী ৭ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 03:59 PM

Updated : 30 Sep 2026, 03:59 PM

আড়াই মাস আগে ফেইসবুকে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। সেই পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছিলেন অভিনেতা আরিফিন শুভর ছবি।

ওই ছবি ও পোস্ট ছড়ায় গুঞ্জন ও বিভ্রান্তি। অনেকে মনে করেছিলেন, শুভ-পায়েল বুঝি বিয়েটা সেরেই নিয়েছেন। তবে আসল ঘটনা হল, সেটি ছিল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ এর ঘোষণা।

জাহিদ প্রীতম পরিচালিত, চরকি প্রযোজিত ও ছবিয়াল সহপ্রযোজিত মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের ফিল্মটি চরকিতে মুক্তি পাচ্ছে ৭ অক্টোবর রাত ১২টায়।

সিনেমার মুক্তির ঘোষণার পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। অনেকে সোশাল মিডিয়ায় জানতে চাইছেন, অভিনেত্রী কেয়া পায়েল কবে সত্যি সত্যি ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন?

অভিনেত্রী চরকিকে এক সাক্ষাৎকারে বলেন, “আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে এবং সবাই সেটা জানতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হয়, এটা হুট করেই হয়ে যাবে।”

নাটকের কাজ ছাড়াও বিজ্ঞাপন, ফ্যাশন রানওয়ের কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন কেয়া। অক্টোবরের শুরুর দিকে যাচ্ছেন দেশের বাইরে। তাই যতটা পারছেন হাতের কাজ গুছিয়ে নিচ্ছেন।

অভিনেত্রীকে কবে বড় পর্দায় দেখা যাবে জানতে চাইলে বলেনন, “প্রস্তাব তো অনেক এসেছে। বিশেষ করে ওয়েব ফিল্ম। যখন থেকে বাংলাদেশে ওয়েব ফিল্ম শুরু হয়েছে, তখন থেকেই অফার পেয়ে আসছি। কিন্তু সব সময় আমার মনে হয়েছে যে এমন কোনো চরিত্রে, এমন কোনো গল্পে কাজ করতে হবে, যেখানে মানুষ আমাকে একটু আলাদা করতে পারবে।

“আমি যেহেতু রেগুলার নাটকে কাজ করি, তাই নাটকের বাইরে ফিল্মে বা ওয়েব ফিল্মে যখন কাজ করব, আমি চাই, সেখানে যাতে স্পেশাল পায়েলকে দেখতে পায়।”

‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে কেয়া বলেন, “আমার মনে হয়েছে, এটা এমন একটা ফিল্ম, যেখানে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পারবেন।”

সহশিল্পীদের কাছ থেকেও তিনি সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন।

সহ–অভিনেতা আরিফিন শুভকে নিয়ে কেয়া পায়েলের ভাষ্য, “একজন নায়কের যেসব গুণ থাকা উচিত তার সবই আরিফিন শুভর আছে। শুভ ভাই খুবই আন্তরিক, অনেক পেশাদার, চুপচাপ এবং সহযোগিতা করেন।

“প্রথম দিকে আমি ভাবছিলাম যে আসলে পারব কি না। তিনি সিনিয়র এবং এত অভিজ্ঞতা, কিন্তু কাজ করতে গিয়ে আমার এই জিনিসটা একদম ফিল হয়নি। তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’