২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের মঞ্চে যাচ্ছে ‘পুণ্যাহ’

চাঁদপুর পৌরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক উৎসবে মঞ্চায়ন হবে এ নাটকের।

চাঁদপুরের মঞ্চে যাচ্ছে ‘পুণ্যাহ’

বদরুজ্জামান আলমগীরের লেখা ‘পুন্যাহ’র নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 06:31 PM

Updated : 22 Sep 2022, 06:30 PM

নাট্যকেন্দ্রের নতুন নাটক ‘পুন্যাহ’ প্রথমবারের মত ঢাকার বাইরে মঞ্চস্থ হবে চাঁদপুরে। 

চাঁদপুর পৌরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে টানা ২০ দিনের ‘সাংস্কৃতিক পক্ষ’ উদযাপনের অংশ হিসেবে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে এ নাটকের মঞ্চায়ন হবে। 

বদরুজ্জামান আলমগীরের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ‘পুণ্যাহ’ নাট্যকেন্দ্রের পঞ্চদশ প্রযোজনা। 

নির্দেশক ইউসুফ হাসান অর্ক গ্লিটজকে বলেন, “পুণ্যাহ নাটকটি গত ২ সেপ্টেম্বর মঞ্চে এসেছে। প্রথমবার কোনো আমন্ত্রণে মঞ্চস্থ হতে যাচ্ছে। আগামী মাসে ঢাকাতেও একাধিক প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে।” 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, শেখ মাহবুবুর রহমান, রামকৃষ্ণ মিত্র হিমেল, সাইফুল, হাবিব মাসুদ, নুরে আলম নয়ন, সংগীতা চৌধুরী, ইবতেসাম মাহমুদ শ্যামা, মনামী ইসলাম কনক, শহিদুল্লাহ সবুজ, কৌশিক বিশ্বাস, সাজিদ উচ্ছাস, এস আই রাজ, ইফফাত আরা, লিনসা, ঐন্দ্রিলা, তন্ময় ও রুমি।

Image

নাট্যকেন্দ্রের পঞ্চদশ প্রযোজনা ‘পুণ্যাহ’

অর্ক গ্লিটজকে জানান, চাঁদুপর জেলা শিল্পকলা একাডেমিতে ‘সাংস্কৃতিক পক্ষ ২০২২’ এর উদ্বোধন হবে বৃহস্পতিবার সন্ধ্যায়, যা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। 

ঢাকা, সাভার, হবিগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন অংশ নেবে এ উৎসবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান।


উদ্বোধনী সন্ধ্যায় চাঁদপুরের অনুপম নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করবে ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’। এছাড়া সংগীত পরিবেশন করবে জয়ধ্বনি সংগীত বিদ্যায়তন।

সাংস্কৃতিক পক্ষে আরও মঞ্চস্থ হবে ঢাকার প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘হাছনজানের রাজা’, বাতিঘরের ‘রেডক্লিফ লাইন’, থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়স্য প্রথম দিবসে’, হবিগঞ্জের জীবন সংকেত প্রযোজিত ‘জ্যোতিসংহিতা’ এবং সাভারের জাগরণি থিয়েটারের ‘রাজার চিঠি’ নাটক।

এ ছাড়া চাঁদপুর ড্রামা মঞ্চস্থ করবে ‘আলাপী গোলাপী’। বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ‘লালন নামা’, বর্ণমালা থিয়েটারের ‘দ্য ট্র্যাপ’, অরূপ নাট্যগোষ্ঠীর ‘প্রেমের আলো’, অনন্যা নাট্যগোষ্ঠীর ‘রাক্ষুসী’, মেঘনা থিয়েটারের ‘আলোমতি প্রেমকুমার’, স্বরলিপি নাট্যগোষ্ঠীর ‘তিনটি আপেল’ নাটক মঞ্চে দেখা যাবে। সমাপনী সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মঞ্চস্থ করবে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’।

নাটক ছাড়াও প্রতি সন্ধ্যায় থাকছে সংগীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। পরিবেশন করবে বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, সুরধ্বনি সংগীত বিদ্যালয়, সপ্তসুর সংগীত একাডেমি, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তন, উদয়ন সংগীত বিদ্যালয়, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ, নৃত্যধারা, নৃত্যাঙ্গন, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ও সংগীত নিকেতন।