২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্ক করতে চান না আসিফ

‘মিনিমাম যোগ্যতাসম্পন্ন’ না হলে তার সঙ্গে তর্ক করেন না এই সংগীতশিল্পী।

আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্ক করতে চান না আসিফ

আসিফ নিজেকে ব্রাজিলের ‘বনেদি’ সমর্থক বলে দাবি করছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2022, 09:15 PM

Updated : 17 Nov 2022, 10:16 PM

সংগীতশিল্পী আসিফ খেলা নিয়ে বরাবরই উন্মাতাল; নিজে এক সময় ক্রিকেট খেলতেন, ফুটবলে তার প্রিয় দল ব্রাজিল। আর এই দলের ‘বনেদি’ সমর্থক হিসেবেই নিজেকে দাবি করেন তিনি।

কাতার বিশ্বকাপ ঘনিয়ে আসার মধ্যে নিজের ফুটবলপ্রীতির প্রকাশ আবার ঘটালেন আসিফ; সেই সঙ্গে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে নিজের অবস্থানও ব্যাখ্যা করলেন।

বুধবার নিজের ফেইসবুক পাতায় ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণার ছবি পোস্ট করেন তিনি। তবে ক্যাপশনে লেখেন, “সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবীদার।”

ব্রাজিল সমর্থকের মুখে আর্জেন্টিনার জয়গান অনেকের কাছে বেমক্কা ঠেকবে, সেটা আঁচ করেই পোস্টের একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি।

আর্জেন্টিনা সমর্থকদের ‍উদ্দেশে লিখেছেন, “এরকমভাবে বাকি দলগুলোও জেতার জন্য খেলতে আসে। আমার এ মন্তব্যে খুশি হয়ে থাকলে কোনো আর্জেন্টাইন সাপোর্টার আমাকে ব্রাজিল দল সাপোর্ট করা নিয়ে বেমক্কা মতামত দিয়ে বিব্রত করবেন না প্লিজ।”

ব্রাজিলের সমর্থক হয়ে আর্জেন্টিনার কোনো সমর্থকের সঙ্গে তর্কে না গড়ানোর কথা বলে দৃশ্যত টিপ্পনীই কাটেন এই গায়ক।

তিনি লিখেছেন, “আমরা যারা বনেদী ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালবাসি। বিশ্বকাপ দরজায়, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সব সময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সাথে তর্ক করব না।

“এমনিতেও মিনিমাম কাছাকাছি যোগ্যতাসম্পন্ন না হলে কারো সাথে তর্কও করি না। ব্রাজিল দি অ্যা টিম হিসেবে খেলে, যে কোনো ব্যক্তিগত ক্যারিশমা এই দলের একটা হালকা উপলক্ষ্য মাত্র।”

যারা বিশ্বকাপে অন্তত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সমর্থকদের কথা মানতে রাজি থাকার কথা বলেন আসিফ; যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে দুবার।

“যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মতামত সাগ্রহে মেনে নিব, বাকিরা মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাস চর্চা করে মন্তব্য করুন। ইটালীর মত ষ্ট্যান্ডার্ড টিম পেলে ভাল লাগতো, তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপটা খালি খালি লাগছে।”

Image

আসিফ আকবর

ফুটবল নিয়ে উম্মাদনার কারণ ব্যাখ্যা করে আসিফ লিখেছেন, “ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই। পাগল চেতাবেন না প্লিজ, আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটা আমার মৌলিক ফুটবলিক অধিকার।

“থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ- দ্যা ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২।”

পোস্টের শেষে লেখেন, ‘বি স্পোর্টিং, বি পজিটিভ, বি বাংলাদেশী, বি ব্রাজিলিয়ান। ভালবাসা অবিরাম…।’

আধুনিক গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ‘রাজা নাম্বার ওয়ান’ চলচ্চিত্রের প্রথম প্লেব্যাক করেন ১৯৯৮ সালে। তবে তিনি জনপ্রিয় হন ২০০১ সালে প্রকাশিত ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে। এটি এখন অবধি বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম হিসেবে স্বীকৃত।