১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাঘা যতীনকে অনুপম খেরের শুভেচ্ছা

‘বাঘা যতীন' সিনেমার পোস্ট প্রোডাকশন কাজ চলছে। আপাতত প্রচারে ব্যস্ত দেবসহ অন্য অভিনয় শিল্পীরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 02:50 PM

Updated : 12 Dec 2023, 02:50 PM

ভারতের ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে ইতিহাস নির্ভর সিনেমা ‘বাঘা যতীন' এর প্রচারে হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে পাশে পেলেন কলকাতার অভিনেতা দীপক অধিকারী দেব।

সিনেমায় ‘বাঘা যতীন' হওয়া দেবের সঙ্গে অনুপম খেরের দেখা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। সেখানে তোলা ছবি ফেইসবুকে পোস্ট করেছেন খের।

তিনি লিখেছেন, “আমার অন্যতম প্রিয় বাংলা অভিনেতা। কলকাতা বিমানবন্দরে দেখা হল দেবের সঙ্গে। ওর আসন্ন সিনেমা ‘বাঘা যতীন’এর জন্য রইল অনেক শুভেচ্ছা। এই সিনেমাটি হিন্দিতেও মুক্তি পাবে।"

দুর্গাপূজা ঘিরে ১৯ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে 'বাঘা যতীন', আর হিন্দিতে সিনেমাটি হলে আসছে পরদিন, অর্থাৎ ২০ অক্টোবর।

‘বাঘা যতীন' সিনেমার পোস্ট প্রোডাকশন কাজ চলছে। আপাতত প্রচারে ব্যস্ত দেবসহ অন্য অভিনয় শিল্পীরা।

দেব বাণিজ্যিক ধারার সিনেমার পাশাপাশি ইতিহাসনির্ভর সিনেমায় কাজ করেছেন এখন। এর আগে নির্মাতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ সিনেমায় ভারতীয় ফুটবলের কিংবদন্তি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছিলেন।

এবার পূজায় মুক্তি পাবে একগুচ্ছ বাংলা সিনেমা। অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ ছাড়াও মুক্তি পাবে অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)