বাঁশি বাজানোর আনন্দই চৌরাসিয়ার আশ্রয়
অন্নপূর্ণা দেবী শর্ত দিয়েছিলেন, চৌরাসিয়া যদি ডান হাত ছেড়ে বাঁ হাতে বাঁশি নিতে পারেন তাহলেই তিনি তাকে সংগীতের তালিম দেবেন।
এক কিশোর এলাহাবাদে গিয়েছিলেন ধ্রুপদী সংগীত শিল্পী মানিক ভার্মার গান শুনতে। শিল্পী মঞ্চে ওঠার আগে ছেলেটি দূরে একমনে বসে বাঁশি বাজাতে শুরু করে, যে সুরের আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আয়োজকরা এসে ষোল বছর বয়সী হরিপ্রসাদ চৌরাসিয়াকে ডেকে নেন মঞ্চে, তার বাঁশিতে বাজতে শুরু করে ইমন রাগ।
সেই থেকে শুরু। ১৯৫৪ সাল থেকে যা চলছে আজ অবধি, বাঁশি বাজানোয় হাতেখড়ি আরও আগে। বাঁশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার ৮৭তম জন্মবার্ষিকী গেছে মঙ্গলবার।
বাঁশিবাদকের জীবনের এই কথা জানা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।
ভারতের এই সংবাদমাধ্যমকে হরিপ্রসাদ চৌরাসিয়া বলেছেন, তিনি অন্যের এবং নিজের মাঝে আনন্দ বিলিয়ে দিতে সুরের সাধনা করেন। বাঁশি বাজানোকে এই শিল্পী বর্ণনা করেছেন ‘প্রার্থনা’ হিসেবে। শ্রোতাদের শোনাতে নয়, বাজানোর আনন্দকেই শেষ আশ্রয় মনে করেন চৌরাসিয়া।
নিজেকে প্রচার আলোর বাইরে রাখতে পছন্দ করা চৌরাসিয়া বলেছেন, তিনি মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পছন্দ করেন।
“মানুষ আমাকে অনেক কিছু শিখিয়েছে, সে সব শিক্ষা সংগীত-সুরের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আনন্দ আর আবেগ ভাগাভাগিতে আমি বিশ্বাসী। সুরের আনন্দ অপরের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করে গেছি আজীবন।”
চৌরাসিয়ার কথায় বাঁশি তার সবচেয়ে ‘ভালো বন্ধু’। বয়স বাড়ার সাথে সাথে তিনি অনুশীলনের মাত্রা বাড়ানোর চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন।
“বয়স বাড়লে পরিশ্রমও বেশি করতে হয়, শেখার জন্য সঙ্গীতজ্ঞদের সাথে যোগাযোগও রাখি। সুর দিয়ে আমার দিন শুরু, সুর দিয়েই শেষ। হাতে বাঁশি না থাকলে হাত ফাঁকা লাগে। আমি প্রতিদিন বাঁশির সাথেই বেশি সময় কাটানোর চেষ্টা করি।"
১৯৩৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের এলাহাবাদে জন্ম হরিপ্রসাদ চৌরাসিয়ার। তার বাঁশি বাজছে গত ছয় দশকের বেশি সময় ধরে। যে সুর বহন করছে ভারতীয় ধ্রুপদী সংগীতের ধারা।
তবে ছেলেবেলায় কুস্তি লড়তেন তিনি। চৌরাসিয়া মনে করেন, বড় হয়ে বাঁশি বাজানোতে কুস্তি লড়া তাকে বাড়তি সুবিধা দিয়েছে। লম্বা দম নেওয়ার শক্তি পেয়েছেন কুস্তি লড়া থেকে।
‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূণ’ সম্মানে সম্মানিত এই শিল্পী বাঁশির সুরকে পৌঁছে দিয়েছেন কনসার্টের মঞ্চে। ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘লামহে’ সিনেমার সংগীত পরিচালনাও করেছেন তিনি।
বলা হয় বিজ্ঞাপনের সুর থেকে সিনেমার গানে, উচ্চাঙ্গ সংগীতের গুরুগম্ভীর আসর থেকে বাজারসফল সুর সৃষ্টিতে তিনি অনবদ্য।
পঞ্চাশ শতকের শেষের দিক থেকে চৌরাসিয়া অল ইন্ডিয়া রেডিওতে বাজানো শুরু করেন। ওই সময়ে তিনি শিষ্য হন ওস্তাদ আলাউদ্দিন খাঁর মেয়ে অন্নপূর্ণা দেবীর। তবে শিষ্যত্ব পেয়েছিলেন এক শর্তে। অন্নপূর্ণা দেবী শর্ত দিয়েছিলেন, চৌরাসিয়া যদি ডান হাত ছেড়ে বাঁ হাতে বাঁশি নিতে পারেন তাহলেই তিনি তাকে সংগীতের তালিম দেবেন।
‘গুরুমায়ের’ (অন্নপূর্ণা দেবীর) সেই কঠিন শর্ত মেনে বাঁ হাতে বাঁশি নিলেন তিনি। সেই থেকে বাঁ হাতে বাজাচ্ছেন এই বংশিবাদক। তিনি বাঁশ বাজিয়েছেন কিংবদন্তি লতা মঙ্গেশকর, পণ্ডিত রবিশঙ্কর, জজ হ্যারিসনের সঙ্গেও। তার সাথে বহু মঞ্চে তবলায় সঙ্গত করেছেন শিল্পী আল্লারাখা।
এই সব কিংবদন্তির সঙ্গে বাজানোর সুযোগ হওয়ায় নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন পণ্ডিত চৌরাসিয়া।
চৌরাসিয়ার কাছে সাফল্যের সংজ্ঞা হল কাজের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া।
“আমি মনে করি শিল্পী যখন আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে সংগীত পরিবেশন করেন, তখন ঈশ্বরের সঙ্গে তাদের যোগাযোগ তৈরি হয়। শান্তি আসে, আসে সাফল্য।"
তিনি মনে করেন, যদি কেউ নিজের কাজ উপভোগ করেন, কাজের প্রতি নিজেকে উজাড় করে দেন, তখন সাফল্যও তার কাছে ধরা দেয়।
চৌরাসিয়া ছাড়া তার পরিবারের অন্য কেউ সংগীতের জগতে নেই। তার সন্তানেরা ভিন্ন ভিন্ন পেশা বেছে নিয়েছেন। নাতি-নাতনিদের কারো সংগীতের প্রতি আগ্রহ আছে কী না জানতে চাইলে তিনি বলেন, “প্রতিভা এবং আগ্রহ দুটো বিষয়কে স্বাভাবিকভাবে আসতে হবে। নাতি-নাতনিদের কেউ সংগীতের দুনিয়ায় আসতে চাইলে আমি খুশি হব। তবে সেই আগ্রহ তাদের ভেতর থেকে আসতে হবে, জোর করা যাবে না।”
চৌরাসিয়ার জীবনীভিত্তিক কয়েকটি বই প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে আছে উমা বাসুদেবের ‘রোমান্স অব দ্য ব্যাম্বো রেড’, সুরজিৎ সেনের ‘উড উইন্ডস অব চেঞ্জ’।
