২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলার মঞ্চে আসছে 'তর্পণ বাহকেরা'

আগামী বৃহস্পতি ও শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।

শিল্পকলার মঞ্চে আসছে 'তর্পণ বাহকেরা'
'তর্পণ বাহকেরা' নাটকের পোস্টার। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 01:28 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

স্কাইলাসের গ্রিক নাটক 'তর্পণ বাহকেরা' মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।

নাটকটি অনুবাদ করেছেন মোবাশ্বের আলী। নিদের্শনা দিয়েছেন ক্যাথরিন পিউরীফিকেশন।

নাটকের নির্দেশক ও জগন্নাথের নাট্যকলা বিভাগের শিক্ষক ক্যাথরিন পিউরীফিকেশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই নাটকে আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন। নাটকটি ৯ম আবর্তন প্রদর্শিত হবে।” 

‘তর্পণ বাহকেরা’ নাটকটি তৈরি হয়েছে পারিবারিক হত্যাকাণ্ডের একটি গল্প নিয়ে। যেখানে পিতা তার কন্যাকে বলি দিচ্ছে। স্ত্রী তার স্বামীকে বা পুত্র তার মাকে হত্যা করছে। 

এ হত্যাকাণ্ড পৃথিবীর নির্মমতার ইতিহাসকে নির্দেশ করে। যারা হত্যাকারী তারাও প্রকৃতির নিয়মে কর্মফল পাচ্ছে।  

বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক দেশ আরেক দেশে যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে তা নাটকটির প্রতিচ্ছবি। 

শিক্ষার্থীদের জরন্য টিকেটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। এছাড়া অন্যান্য দর্শনার্থীর জন্য ৩০০ ও ৫০০ টাকার টিকেট রাখা হয়েছে।