‘অ্যাভাটার’ চলবে ঢাকায়
স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় সিনেমাটির প্রায় ৫১টি শো চলার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে ‘অ্যাভাটারের’ তৃতীয় সিক্যুয়েল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।
শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় সিনেমাটির প্রায় ৫১টি শো চলছে।
২০০৯ সালে ‘অ্যাভাটার’ নির্মাণ করে দুনিয়াজুড়ে আলোড়ন তুলেছিলেন নির্মাতা জেমস ক্যামেরন। মহাকাব্যিক কল্পবিজ্ঞান সিনেমাটি ২ দশমিক ৯ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড করেছিল।
২০২২ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় সিনেমা ‘দ্য ওয়ে অব ওয়াটার’। সিনেমাটি প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করে।
তিন বছর পর ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে আসছেন জেমস ক্যামেরন।
অ্যাভাটারের এই সিক্যুয়েলে নতুন অনেক কিছু যুক্ত করেছেন জেমস ক্যামেরন। এসেছে নতুন গোষ্ঠী, নতুন চরিত্র। ভিলেন হিসেবে দেখা যাবে ভারাং নামের একটি চরিত্রকে। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের’ সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে। এতে কণ্ঠ দিয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন।
জানা গেছে, ভারাং হল অ্যাশ পিপল গোত্রের নেত্রী, আগ্নেয়গিরিতে যে গোত্রের বসবাস। যারা অবিশ্বাস্য কষ্টের মধ্য দিয়ে গেছে। এ কারণে ভারাং অনেক কঠোর। নিজের জাতির জন্য সে যেকোনো কিছু করতে পারে।
দ্য ওয়ে অব ওয়াটারের ঘটনার পরপরই শুরু হয় ফায়ার অ্যান্ড অ্যাশের গল্প। জ্যাক সুলি (স্যাম ওয়ার্থিংটন) ও নিতিরি (জো সালদানা) বড় সন্তানের মৃত্যুশোক সামলাতে সামলাতে নতুন বিপদের মুখে পড়ে। অ্যাশ উপজাতির নেতা ভারাং পুরোনো শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নাভিদের ওপর আক্রমণ চালায়। পরিবার, জনগোষ্ঠী ও গ্রহ রক্ষার লড়াই—এটাই রয়েছে কাহিনির কেন্দ্রে।
নির্মাতা জানিয়েছেন, প্যান্ডোরার ভিন্ন এক দিক উঠে এসেছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে। নাভি জাতি মানেই ভালো, আর মানুষ জাতি মানেই খারাপ এই সরল অঙ্কের বাইরে তিনি যেতে চেয়েছেন এই পর্বে।
