২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল জ্যাকসনের ভাই গায়ক টিটোর মৃত্যু

১৯৬৪ সালে গড়ে তোলা এই ব্যান্ডে টিটো জ্যাকসন ছিলেন ব্যান্ডের গিটারিস্ট এবং ব্যাকগ্রাউন্ড ভোকাল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2024, 12:45 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও ‘জ্যাকসন ৫’ পপ ব্যান্ডের মূল সদস্য টিটো জ্যাকসন মারা গেছেন।

বিবিসি লিখেছে, সোমবার টিটো জ্যাকসনের মৃত্যু হয়েছে, তার বয়স হয়েছিল ৭০ বছর। তবে এই গায়কের মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

টিটো এবং তার ভাই জ্যাকি, জার্মেইন, মারলন  মিলে মাইকেল জ্যাকসনের সঙ্গে বহু শোয়ে পারফর্ম করেছেন।

সম্প্রতি ব্যান্ডের একটি পারফরম্যান্সের জন্য তিনি জার্মানির মিউনিখে ছিলেন।

টিটো জ্যাকসনের মৃত্যুর খবর তার তিন ছেলে, তাজ, টেরিল এবং টিজে জ্যাকসন তারা তাদের ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন। 

তিনটি পোস্টে বলা হয়েছে, “আমরা ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা এবং ‘রক অ্যান্ড রোল হল অব ফেমার’ টিটো জ্যাকসন আর আমাদের মধ্যে নেই। আমরা ব্যথিত ও মর্মাহত। আমাদের বাবা একজন দারুণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি সব সময় সবার কল্যাণের কথা ভাবতেন।  

“আপনাদের মধ্যে কেউ কেউ তাকে কিংবদন্তি ‘জ্যাকসন ৫’ এর টিটো জ্যাকসন হিসেবে চেনেন, কেউ কেউ তাকে চেনেন 'কোচ টিটো' নামে, কেউবা আবার তাকে 'পপ্পা টি' নামে চেনেন। তবে তিনি চিরকাল আমাদের কাছে 'টিটো টাইম' হয়ে বেঁচে থাকবেন।”

এই শিল্পীর ছেলেরা আরো বলেছেন, আমাদের বাবা সবসময় বলতেন 'একে অপরকে ভালবাসো', এই বার্তা তিনি প্রচার করেছেন জীবনভর।

“আমরা তোমাকে ভালোবাসি পপস’, এই বাক্যটি দিয়ে পোস্টটি শেষ করা হয়েছে। 

জ্যাকসন ৫ ব্যান্ডের সুপারহিট গানগুলোর এবিসি, দ্য লাভ ইউ সেভ এবং আই ওয়ান্ট ইউ ব্যাক অন্যতম। 

১৯৬৪ সালে গড়ে তোলা এই ব্যান্ডে টিটো জ্যাকসন ছিলেন ব্যান্ডের গিটারিস্ট এবং ব্যাকগ্রাউন্ড ভোকাল।

১৯৮০ সালে জ্যাকসন ভাইবোনদের হলিউড ওয়াক অব ফেমে একটি তারকা দিয়ে সম্মানিত করা হয় এবং ১৯৯৭ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

'টিটো' জ্যাকসন ছিলেন বাবা-মায়ের ৯ সন্তানের মধ্যে তৃতীয়।

১৯৫৩ সালের ১৫ অক্টোবর তার জন্ম। ২০০৯ সালের জুনে মারা যাওয়া মাইকেল ছাড়া তার বাকি ভাইবোনেরা এখনও বেঁচে আছেন।