৬৭তে বিয়ের পাত্রী খুঁজছেন ‘শক্তিমান’
“আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে অনেকের চেয়েও বেশি বিশ্বাস করি।”
নব্বইয়ের দশকে মুকেশ খান্না অভিনীত ভারতীয় টেলিভিশনের ‘শক্তিমান’ ধারাবাহিকটি ঝড় তুলেছিল। এই অভিনেতার ব্যক্তিগত একটি বিষয় আলোচনায় এসেছে। তা হল সত্তর ছঁই ছুঁই মুকেশ এবার যেতে চাইছেন ছাদনাতলায়।
সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন ৬৭ বছর বয়সী মুকেশ। সেখানেই তিনি জীবন গুছিয়ে নেওয়ার পরকিল্পনা নিয়ে কথা বলেন।
শোয়ের সঞ্চালক জানতে চান সত্তর ছুঁই ছুঁই, তবুও কেন অবিবাহিত? বিন্দুমাত্র সংকোচ না করে মুকেশ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজস্ব মতামত ব্যক্ত করেন।
সম্পর্কের মূল্যবোধ, একাধিক সম্পর্কে লিপ্ত হওয়া, কারও প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেন মুকেশ।
কথায় কথায় মুকেশ বলেছেন, বৈবাহিক বন্ধনে আবদ্ধ না হলেও বিয়ে নামক প্রতিষ্ঠানে দৃঢ় বিশ্বাসী। বয়স তার কাছে একটা সংখ্যামাত্র। বিয়ের জন্য কোনো নির্দিষ্ট বয়সের সীমা বেঁধে দেওয়ায় একেবারেই বিশ্বাসী নন তিনি। খুঁজছেন যোগ্য পাত্রী।
মুকেশ বলেন, “আমি বিয়েতে বিশ্বাস করি। মানুষ ভাবে যদি কেউ বিয়ে না করে, তাহলে বোধ হয় বিয়ের প্রতি তার কোনো আস্থা বা বিশ্বাসযোগ্যতা নেই। কিন্তু সেটা মোটেই ঠিক নয়। আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে অনেকের চেয়েও বেশি বিশ্বাস করি। কোনো পুরুষের জীবনে হঠাৎ করে স্ত্রীর আবির্ভাব ঘটে না।
“যার ভাগ্যে যে লেখা থাকবে, সেই জীবনে আসবে। আমার ভাগ্যে যদি থাকত, তাহলে এত দিনে বিয়েটা হয়েই যেত। যে নারী আমার জন্য নির্ধারিত, সে কোথাও তো নিশ্চয়ই আছে। যখন ভাগ্য আমাদের মিলিয়ে দেবে, তখনই শুভ পরিণয় সুসম্পন্ন হবে।”
বিয়েকে দুই আত্মার মিলন বলেও বর্ণনা করেন মুকেশ।
তার কথায়,” ভালোবাসা জীবনে একবারই আসে। বাকিসব শুধু মোহমায়া। একজনকে প্রেম নিবেদন করে অন্য কারও কাছে চলে গেলে সেটাকে দ্বিচারিতা করা বলে।”
দুই বছর আগে ‘শক্তিমান’ নিয়ে সিনেমা তৈরির খবর আসে। এরপর থেকে সিনেমা সেই সূত্রে আবার আলোচনায় আসেন মুকেশ। সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে।
