২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দি সি অফ সাইলেন্স’ নিয়ে মঞ্চে আসছে নতুন নাট্যদল

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

‘দি সি অফ সাইলেন্স’ নিয়ে মঞ্চে আসছে নতুন নাট্যদল
‘দি সি অফ সাইলেন্স’ নাটকের পোস্টার। ছবি: নাট্যদলের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 10:54 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

প্রথম নাটক 'দি সি অফ সাইলেন্স' নিয়ে মঞ্চে আসছে নতুন নাট্যদল 'থেসপিয়ানস দ্য ঢাকা'।

দলটি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।  

পরদিন শুক্রবার একই মিলনায়তনে নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে। প্রথমটি বিকেল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। 

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।

নাটকের গল্পে দেখা যাবে, ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী জাহাজ। জাহাজে ওঠেন সোফিয়া, তার স্বামী ডেভিড এবং তাদের কিশোরী কন্যা জেনি। সমুদ্রের মাঝে এই পরিবারটি এক আলাদা জীবনের গল্প নিয়ে আসে। 

এক ঝড়ো রাতে সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ আর মাউথঅর্গানের সুর তাদের সম্পর্কের সীমা মুছে দেয়। ধীরে ধীরে উন্মোচিত হয় মানুষের স্মৃতি, ভয় ও গোপন অতীত। 

জাহাজের দুলুনির মত চরিত্রদের জীবনেও ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা ও অপরাধবোধ। মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয় সবার ভেতরে।  

'থেসপিয়ানস দ্য ঢাকা' জানিয়েছে, প্রদর্শনী শুরুর আগে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের সামনে থেকে দর্শকরা নাটকের টিকেট সংগ্রহ করতে পারবেন।