দ্বিতীয় দিনে রোজগার কমেছে ‘জওয়ানের’
অনেক শহরে ‘জওয়ান’ ভোরবেলা থেকে তো চলছিলই, এখন মাঝরাতেও হলে ‘জওয়ান’র বিশেষ শো যোগ করা হয়েছে।
উদ্বোধনী দিনের তুলনায় দ্বিতীয় দিনে ২৩ কোটি রুপি কম ঘরে তুলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। তবে দুদিনে বিশ্বজুড়ে ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।
মুক্তির দিন শুক্রবার ভারতের বক্স অফিসে জওয়ান আয় করে প্রায় ৭৫ কোটি রুপি, আর অনান্য দেশ থেকে আসে ৫৪ কোটি; সবমিলিয়ে হিন্দি সিনেমার ইতিহাসে ১২৯ রুপি আয়ের রেকর্ড গড়ে অ্যাকশনে ভরপুর এই সিনেমা।
দ্বিতীয় দিন শনিবার ভারত থেকে ‘জওয়ান’ ৫২ কোটি রুপি আয় করেছে। অর্থাৎ প্রথমদিনের তুলনায় ২৩ কোটি রূপি কম এসেছে সিনেমাটি থেকে। তবে দ্বিতীয় দিনে বিশ্বের অনান্য দেশ থেকে যা আয় করেছে ‘জওয়ান’, সেটিসহ দুদিনে ২০০ কোটি রুপি ব্যবসা করেছে বলে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানান। চলতি সপ্তাহ শেষে বক্স অফিসে ‘জওয়ান’ বড়সর লাফ দেবে বলেও আশা করছেন তিনি।
হিন্দি সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা পাঁচটি সিনেমার তালিকা দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সেই তালিকার প্রথম দুই সিনেমাই হল শাহরুখের কয়েক মাসের ব্যবধানে মুক্তি পাওয়া দুই সিনেমা ‘জওয়ান’ ও ‘পাঠান’। তৃতীয় থেকে পঞ্চমে আছে ‘কেজিএফ ২’, ‘ওয়ার’ ও ‘থাগস অব হিন্দুস্তান’।
এদিকে ‘জওয়ান’র টিকেট চাহিদা এতটাই তুঙ্গে যে কলকাতা, চণ্ডীগড়, পুণে, কোচি, হায়দরাবাদ, আমদাবাদের মতো শহরে হল কর্তৃপক্ষ বাধ্য হয়ে অন্য সিনেমা সরিয়ে ‘জওয়ান’ চালাচ্ছে। তবুও কুলিয়ে উঠতে পারছেন না হল মালিকরা। অনেক শহরে ‘জওয়ান’ ভোরবেলা থেকে তো চলছিলই, এখন মাঝরাতেও হলে ‘জওয়ান’র বিশেষ শো যোগ করা হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
