১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

জায়েদ খানের সদস্য পদ বাতিল হতে পারে বলেও ইঙ্গিত দিলেন সায়মন সাদিক।

চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

চিত্রনায়ক জায়েদ খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 07:09 PM

Updated : 02 Apr 2023, 07:27 PM

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই চিত্রনায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি সমিতির ‘গঠনতন্ত্র বিরোধী’ কাজ করছেন।

রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সহসাধারণ সম্পাদক সায়মন সাদিক সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, “চিত্রনায়ক জায়েদ খান ভুয়া কাগজে বর্তমান কমিটির সভাপতির হাতে শপথ নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে কমিটির বর্তমান সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, অপমানজনক বক্তব্য রেখেছেন, যা শিল্পী সমিতির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ।

“তাকে গঠনতন্ত্র অনুযায়ী এসব অভিযোগের জবাব চেয়ে চিঠি দেওয়া হয়। তিনি সময়মতো উত্তর দেননি। এমতাবস্থায় শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত সবাই মিলে তার সদস্যপদ স্থগিতের পক্ষে রায় দিয়েছেন।”

Image

এফডিসিতে সমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি সায়মন সাদিক

সায়মন বলেন, “অচিরেই সমিতির উপদেষ্টাদের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যদি জায়েদ খানের সদস্য পদ বাতিলের আদেশ হয়, তাহলে শিল্পী সমিতির সদস্য থাকবেন না জায়েদ খান।”

জায়েদ খান গত দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এবারও নির্বাচনের পর তাতেই সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

তবে সাধারণ সম্পাদক পদে অন্য প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার ‘ভোট কেনার’ অভিযোগ তোলার পর জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। এরপর সেই পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরানো খবর:

নিপুণ বললেন, সত্যের জয়; জায়েদ খান বললেন, মামলা করব

পুরানো খবর:

জায়েদ খান ‘ধোঁকা দিয়ে’ শপথ নিয়েছেন: ইলিয়াস কাঞ্চন

পুরানো খবর:

এফডিসিতে উত্তেজনা, জায়েদ খান শিল্পী সমিতিতে

পুরানো খবর:

জায়েদ বললেন 'সে বৈধ নয়', নিপুণ দেখালেন হাইকোর্ট

নির্বাচন পরিচালনা কমিটির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জায়েদ খান আদালতে যান। কয়েক দফায় নানা ঘটনার পর আদালতের সর্বশেষ আদেশের বলে নিপুণ এখন সাধারণ সম্পাদকের চেয়ারে রয়েছেন; যদিও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি।

এই অবস্থায় জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কতটা যথাযথ- প্রশ্নে সায়মন কোনো মন্তব্য না করে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেন।

জায়েদ খান অভিযোগ করে আসছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এমন কোনো কাজ করেননি, যা সমিতির গঠনতন্ত্র লঙ্ঘন করে।

Image

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে নিপুণ আক্তার

সম্প্রতি শিল্পী সমিতির বর্তমান কমিটির আরও দুই সদস্য চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও সুচরিতার পদ বাতিলের খবর প্রকাশ হয়।

সে বিষয়ে সায়মন সাদিক সাংবাদিকদের বলেন, “রুবেল ও সুচরিতার সদস্যপদ বাতিল হয়নি। তারা শিল্পী সমিতির বর্তমান কমিটির যে পদে ছিলেন, সেই পদ বাতিল হয়েছে। তারা এখনও সমিতির সদস্য।”

তাদের পদ বাতিলের কারণ জানিয়ে তিনি বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য পরপর তিনটা বৈঠকে অনুপস্থিত থাকলে তার পদ বাতিল হয়ে যায়। এখন পর্যন্ত নয়টা বৈঠক হয়েছে। তারা উপস্থিত হননি। গঠনতন্ত্র অনুযায়ী তাদের চিঠি দেওয়া হয়েছে। উপযুক্ত জবাবের অভাবে সর্বসম্মতিক্রমেই তাদের পদ বাতিল করা হয়েছে।”

গত নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেলের ইশতেহার ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফডিসিতে আনার ঘোষণা’ দেওয়া হয়েছিল। ইশতেহার বাস্তবায়নের সম্ভাবনা আছে কি না- জানতে চাইলে সায়মন সাদিক বলেন, “প্রায় দেড় বছর কেটে গেছে অভিযোগ আর মামলার পেছনে দৌড়ে। আমরা চেষ্টা করছি।”