২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

লন্ডনে ফাহমিদা নবীর 'এক কাপ চায়ে গানের সুর'

ফাহমিদা নবী বলেন, “এই গানের আয়োজনটা একদমই ভিন্ন রকমের হতে চলেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 08:07 PM

Updated : 21 Sep 2026, 08:07 PM

লন্ডনে বসছে ঘরোয়া গানের আসর ‘এক কাপ চায়ে গানের সুর’। সেখানে গান শোনাবেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।

আগামী ২৭ সেপ্টেম্বর ফাহমিদার একক গানের এই আসর বসার কথা রয়েছে; অনুষ্ঠানের আয়োজক কিশোয়ার মুনিয়া

অনুষ্ঠানটি নিয়ে গ্লিটজকে ফাহমিদা নবী বলেন, “এই গানের আয়োজনটা একদমই ভিন্ন রকমের হতে চলেছে।”

কেমন জানতে চাইলে তিনি বলেন, “গল্প ও আড্ডার মত করে গান করা হবে। লন্ডনের সব বাংলা ভাষাভাষী দর্শকদের এই গানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি; আশা করছি সবাই চমৎকার একটি মুহূর্ত নিয়ে বাড়ি ফিরবেন।"

গানের ফাঁকে গল্প ও আড্ডার ভিন্নধর্মী আবহ তৈরি করাই এই আয়োজনের মূল আকর্ষণ বলে জানিয়েছেন আয়োজক।

মুনিয়া বলেন, "বৃহৎ পরিসরের কনসার্টগুলোতে শিল্পী ও শ্রোতার মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক ও আনুষ্ঠানিক দূরত্ব থেকে যায়। সেই দূরত্ব ঘুচিয়ে শ্রোতা ও শিল্পীকে মুখোমুখি বসিয়ে এক সুতোয় গাঁথতেই আমাদের এই উদ্যোগ।"

গত দুই বছর ধরে এই আয়োজন করে আসছেন মুনিয়া। এবার বসবে তৃতীয় আসর।

মুনিয়া আরও জানিয়েছেন, লন্ডনের বেকটন ফুড বাজারের ঠিক বিপরীতে ‘দ্য জুমেরা হল’ এ বসবে এবারের আসর। ওই দিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় দর্শকদের জন্য মিলনায়তনের দরজা খুলে দেওয়া হবে। আর সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রবেশের জন্য আসনভেদে টিকেটের দাম ধরা হয়েছে ১০, ১৫ ও ২৫ পাউন্ড।

গানে ফাহমিদা নবী বেশ নিয়মিত। অন্যের সুর করা গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজেও সুর করছেন। তার সুর করা বেশ কিছু গান রয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।