১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুটিং শেষে হাসপাতালে নিকোল কিডম্যান

‘মার্গোস গট মানি ট্রাবলস’-এ কিডম্যান লেইস নামের এক সাবেক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 04:44 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

অ্যাপল প্লাস টিভির কমেডি ড্রামা সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এ অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। সিরিজে তার এক সহকর্মী জানিয়েছেন, শুটিংয়ের সময় সেটে অসুস্থ হয়ে পড়েন ৫৮ বছর বয়সী এ অভিনেত্রী।

কিডম্যানের সহকর্মী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন, কদিন আগে এপিসোডের শুটিং ছিল। সেদিন কিডম্যানের প্রথম দিন। ওই দিনই অসুস্থ হয়ে পড়েন অস্ট্রেলিয়ান এই তারকা।

‘মার্গোস গট মানি ট্রাবলস’-এ কিডম্যান লেইস নামের এক সাবেক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। অফারম্যানের ভূমিকাও এক সাবেক কুস্তিগীরের, তার চরিত্রের নাম ‘জিংক্স’।

পিপল ম্যাগাজিনকে অফারম্যান বলেন, ওইদিনে বিশাল একটা সেটে কয়েকশো এক্সট্রাদের নিয়ে শুটিং হচ্ছিল। তখনই তারা জানতে পারেন কিডম্যান অসুস্থ, তার ফ্লু হয়েছে।

তিনি বলেন, “সকাল ৮টার দিকে আমরা জানতে পারি যে নিকোলের ফ্লু হয়েছে। ১১টার দিকে জানলাম তিনি সেটে আসছেন।”

অফারম্যান আরও জানিয়েছেন যে, কিডম্যানের শরীর ‘অত্যন্ত খারাপ’ হলেও তিনি ওই অবস্থাতে দিনের শুট শেষ করেন। শুটের শেষে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

অফারম্যান বলেন, “তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। আমি তাকে জানিয়েছি যে কেন আমি তাকে এতোটা শ্রদ্ধা করি। এ কারণেই একজন নিকোল কিডম্যানের মত তারকা হতে পারেন। যে অবস্থায় হোক তিনি সেটে উপস্থিত হয়েছেন। অসাধারণ একটা ব্যাপার।”

সিরিজের কেন্দ্রীয় চরিত্র মার্গোর ভূমিকায় অভিনয় করছেন এলি ফ্যানিং। কিডম্যান ও অফারম্যান ছাড়াও সিরিজে আরও দেখা যাবে হলিউডের আরেক নামী অভিনেত্রী মিশেল ফাইফারকে।

অ্যাপল প্লাস টিভিতে ১৫ এপ্রিল মুক্তি পেয়েছে ‘মার্গোস গট মানি ট্রাবলস’।