ম হামিদ ও ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর জ্যোতির মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রান্তর জ্যোতি হামিদ মারা গেছেন।
নাট্যকার ও বিটিভির সাবেক মহাপরিচালক ম হামিদ এবং অভিনেত্রী ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর জ্যোতি হামিদ মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি; তার বয়স হয়েছিল ৪৩ বছর।
প্রান্তরের মৃত্যুর খবরে শোকবার্তা পাঠিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। সংগঠনটির সাধারণ সম্পাদক ফরিদুল হাসান এক বার্তায় লিখেছেন, “ডিরেক্টরস গিল্ডের সম্মানিত আজীবন সদস্য ম হামিদ ও ফাল্গুনী হামিদের পুত্র জনাব প্রান্তর হামিদ ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।”
প্রান্তর হামিদের দুই ছেলে সন্তান রয়েছে।
ম হামিদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, ফাল্গুনী হামিদ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতাও করেছেন। তাদের কন্যা তনিমা হামিদও এক সময়ে অভিনয়ে নিয়মিত ছিলেন।
