মা হয়েছেন অভিনেত্রী স্বাগতা
ব্যাংককের একটি হাসপাতালে স্বাগতার মেয়ের জন্ম হয়।
কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা।
ব্যাংককের একটি হাসপাতালে শনিবার স্বাগতার মেয়ের জন্ম হয়।
মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। স্বাগতা তার মেয়ের নাম রেখেছেন মারিয়ম সর্বজয়া সানু আজাদ।
হাসপাতালের বিছানা থেকে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেইসবুকে পোস্ট করে স্বাগতা লিখেছেন, "এই পৃথিবীতে তোমাকে স্বাগত মারিয়ম সর্বজয়া সানু আজাদ।"
স্বাগতাকে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিয়েছেন তার সহকর্মীরা।
অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, 'অভিননন্দন'।
গায়িকা দিলশাদ নাহার কণা লিখেছেন, “অভিনন্দন প্রিয়, তোমার জন্য অনেক খুশি লাগছে।"
আজমেরী হক বাঁধন, তমালিকা কর্মকার, বিজরী বরকতুল্লাহ, অপর্ণা ঘোষ, কোণালসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।
২০২৪ সালের জানুয়ারিতে প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা।
স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডনপ্রবাসী বাংলাদেশি। তার জন্ম ও পড়াশোনা যুক্তরাজ্যে। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আজাদ পেশায় ব্যবসায়ী।
তবে ব্যবসার বাইরে সংগীত জগতের সঙ্গে জড়িত আজাদ কেবল গান লেখেনই না, তাতে সুর করেন এবং মিউজিক কম্পোজও করেন।
বড় হয়ে অভিনয়ে আসার আগে শিশুশিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। এরপর ২০০৫ সালে 'ইউ গট দ্য লুক' এর শীর্ষ বিজয়ী হয়ে স্বাগতা ছোটপর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন।
২০০৭ সালে মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল।
এ ছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদলেও আছেন স্বাগতা। অভিনেত্রীকে সবশেষ 'দেয়ালের দেশ' সিনেমায় দেখা গেছে।
