১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহরুখ-ফারাহর ‘ম্যায় হুঁ না’ ফিরছে?

আগের মতই ‘ম্যায় হুঁ না’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে দেশাত্মবোধকে মূল উপজীব্য হিসেবে তুলে ধরা হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 10:46 AM

Updated : 10 Sep 2026, 12:47 PM

দুই দশকের বেশি সময় পর বড় পর্দায় ‘মেজর রামপ্রসাদ শর্মা’ হয়ে ফিরছেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান।

অর্থাৎ ফের পর্দায় আসছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ সিনেমার সিক্যুয়েল। ইন্ডিয়া টুডে লিখেছে, পরিচালক ফারাহ খান এই সিক্যুয়েলে দ্বৈত ভূমিকায় আনতে চলেছেন শাহরুখকে।

আগের মতই ‘ম্যায় হুঁ না’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে দেশাত্মবোধকে মূল উপজীব্য হিসেবে তুলে ধরা হবে; পাশাপাশি প্রেম-কমেডি ও অ্যাকশনও থাকছে। 

এই বিষয়ে ফারাহ বা শাহরুখের কোনো বক্তব্য সামনে না আসলেও ভারতের কয়েকটি সংবাদমাধ্যম লিখেছে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে এই সিনেমার শুটিং শুরু হবে। কারণ এর আগে শাহরুখের ব্যস্ততা চলবে ‘কিং’ সিনেমা ঘিরে।

আরও বলা হয়েছে, সিনেমার মূল গল্পের ধারণা এসেছে শাহরুখের কাছ থেকেই, যা চিত্রনাট্যে রূপ দিচ্ছেন আকাশ কৌশিক।

গৌরী খান ও রতন জৈনের প্রযোজনায় নির্মিত ‘ম্যায় হু না’ সিনেমায় সুশমিতা সেন, সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। 

গল্পে দেখা যায়, মেজর রাম প্রসাদ শর্মা এক গোপন মিশনে কলেজছাত্র সেজে জেনারেলের মেয়েকে রক্ষা করতে যান। ওই কলেজের শিক্ষক সুস্মিতা সেনের সঙ্গে শাহরুখের প্রেমের রসায়ন হয় জনপ্রিয়। 

দর্শকপ্রিয়তা পায় সিনেমার গানগুলিও। 

শাহরুখ ও ফারাহর যৌথ কাজের ইতিহাস বেশ সফল বলে ধরা হয় বলিউডে। ২০১৪ সালে সবশেষ মুক্তি পায় তাদের ‘হ্যাপি নিউ ইয়ার’। এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করে। 

এর আগে ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ ও ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ দুই সিনেমাই বক্স অফিসকে দুহাতে ভরিয়ে দিয়েছিল।