১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লক্ষ্যাপারের দুই দিনের শাস্ত্রীয় সংগীত সম্মিলন

লক্ষ্যাপারের পঞ্চদশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন চলবে শুক্রবার পর্যন্ত।

লক্ষ্যাপারের দুই দিনের শাস্ত্রীয় সংগীত সম্মিলন
.

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 06:35 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

বাউল সম্রাট শাহ আবদুল করিমকে উৎসর্গ করে দুই দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত সম্মিলনের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘লক্ষ্যাপার’।   

‘লক্ষ্যাপারের’ সমন্বয়ক শাশ্বতী পাল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'লোকসংগীত শাস্ত্রীয় সংগীতের অন্যতম উৎসধারা' হিসেবে তুলে ধরার ভাবনায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংগঠনের পঞ্চদশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। যা চলবে শুক্রবারও। 

নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের প্রায় ৪০ জন শিশু-কিশোর শিল্পীর কণ্ঠে শাহ আব্দুল করিমের 'আগে কী সুন্দর দিন কাটাইতাম' গান দিয়ে উদ্বোধনী হয় এই সংগীত সম্মিলনের। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসেছে সম্মিলনের উদ্বোধনী অধিবেশন।

লক্ষ্যাপারের পঞ্চদশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনের পোস্টার। ছবি: লক্ষ্যাপারের সৌজন্যে।

লক্ষ্যাপারের পঞ্চদশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনের পোস্টার

উদ্বোধনী দিন বৃহস্পতিবার বহুকণ্ঠে লোক ও শাস্ত্রীয় গান পরিবেশনার পাশাপাশি যন্ত্র ও তালবাদ্যে সম্মেলক লোকসংগীতের আয়োজন রাখা হয়। এছাড়া দেশের গুণী শিল্পীদের পরিবেশনায় লোকগান, সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সম্মেলক গান এবং নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে লোকজ ও শাস্ত্রীয় ধারার মণিপুরী নৃত্যও থাকছে।

সম্মিলনের দ্বিতীয় দিন শুক্রবার নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরিক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে দুইটি অধিবেশন। 

এদিন বিকেল সাড়ে ৩টায় 'গণমানুষের গানে রাগরূপ' বিষয়ে বক্তৃতা ও আলাপন অনুষ্ঠান হবে। এটি পরিচালনা করবেন সংগীতাচার্য রেজোয়ান আলী। 

এরপর শুরু হবে শাস্ত্রীয় সংগীতের আসর। কণ্ঠ, এস্রাজ, বাঁশি, তবলা ও সেতারে সাতজন শিল্পীর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে লক্ষ্যাপারের পঞ্চদশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন।