১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাইয়ের বায়োপিক করতে রাজি হননি জ্যানেট

ফুকোয়া বলেন, মাইকেলের পরিবারের সদস্যদের পর্দায় তুলে ধরাটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 12:33 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এ বাদ পড়েছে তার বোন ও পপ তারকা জ্যানেট জ্যাকসনের চরিত্র। প্রস্তাব পেয়েও জ্যানেট নিজেই এই সিনেমায় তার চরিত্র রাখতে রাজি হননি।

মাইকেল জ্যাকসনের আরেক বোন লা টয়া জ্যাকসন ভ্যারাইটি ম্যাগাজিনকে জানিয়েছেন,  সুযোগ থাকার পরও জ্যানেট সিনেমায় হাজির হননি।

লা টয়া বলেন, “আমি চাইছিলাম সবাই যেন সিনেমায় থাকে। তাকেও (জ্যানেট) অনুরোধ করা হয়েছিল, এবং সে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। তার ইচ্ছাকে আমাদের সম্মান জানানো উচিত।”

জ্যাকসন পরিবারের অনেক সদস্যকেই দেখানো হয়েছে সিনেমায়। মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। গায়কের বাবা-মা জো ও ক্যাথেরিন জ্যাকসনের ভূমিকায় কোলম্যান ডমিঙ্গো এবং নায়া লং।

লা টয়ার ভূমিকায় পর্দায় থাকছেন জেসিকা সুলা। মাইকেলের চার ভাই ও জ্যাকসন ফাইভের বাকি সদস্য জ্যাকি, জারমেইন, টিটো ও মারলনের চরিত্রকেও সিনেমায় দেখা যাবে।

সিনেমার পরিচালক অ্যান্টোয়ান ফুকোয়া ভ্যারাইটিকে জানিয়েছেন, মাইকেলের পরিবারের সদস্যদের পর্দায় তুলে ধরাটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

ফুকোয়া বলেন, “আপনি যখন কারও জীবনের গল্প বলছেন, তখন আপনাকে নিশ্চিত করতে হবে তারা সন্তুষ্ট আছেন। জ্যানেটকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ও ভালোবাসি। যে কারণে আমি তার সিদ্ধান্ত মেনে নিয়েছি। উনি জাফারকে সমর্থন করছেন আর সেটাই গুরুত্বপূর্ণ।”

জ্যাকসন পরিবারের কনিষ্ঠতম সদস্য জ্যানেট ১৯৮০-র দশকের শুরুতে ‘ডিফরেন্ট স্ট্রোকস’, ও ‘ফেইম’ টিভি সিরিজ দিয়ে টিন তারকা হিসেবে পরিচিত পান। ১৯৮২ সালে তার সেলফ টাইটেলড অ্যালবাম দিয়ে পপ দুনিয়ায় অভিষেক হয়। এর দুই বছর পর মুক্তি পায় তার অ্যালবাম ‘ড্রিম স্ট্রিট’। ১৯৮৬ সালের সুপার হিট অ্যালবাম ‘কন্ট্রোল’ দিয়ে শীর্ষ সারির নারী পপ তারকা হয়ে ওঠেন জ্যানেট।

১৯৯৪ সালে মাইকেল জ্যাকসনের সঙ্গে মিলে রেকর্ড করেন হিট ডুয়েট ‘স্ক্রিম’। যা জ্যাকসনের হিস্ট্রি অ্যালবামে জায়গা করে নেয়।