Published : 10 Apr 2026, 12:54 PM
রক ব্যান্ড ‘বনজোভির’ ২০১০ সালে প্রকাশিত অ্যালবাম ‘গ্রেটেস্ট হিটস: দ্য আলটিমেট কালেকশন বিলবোর্ড চার্টে ৪০০তম সপ্তাহ পার করেছে।
দেড় দশকের বেশি সময় ধরে অ্যালবামটি বিলবোর্ড টপ টু হান্ড্রেড চার্টে আছে।
ফোর্বস ম্যাগাজিন বলছে, ‘বনজোভির’ কোনো অ্যালবামের এটিই সবচেয়ে বেশিদিন মার্কিন চার্টে থাকার রেকর্ড। এর আগে, ১৯৮৬ সালে প্রকাশিত ব্যান্ডের আইকনিক তৃতীয় অ্যালবাম ‘স্লিপারি হোয়েন ওয়েট’ ১১৮ সপ্তাহ চার্টে ছিল। এই অ্যালবামেই ‘বনজোভির’ সবচেয়ে জনপ্রিয় দুটি গান ‘লিভিন অন আ প্রেয়ার’ ও ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’ অন্তর্ভুক্ত ছিল।
‘স্লিপারি হোয়েন ওয়েট’ অ্যালবামটি ‘বনজোভি’কে পৌঁছে দেয় খ্যাতির শিখরে। আশির দশকের অন্যতম সফল রক ও মেটাল এই অ্যালবামটি পুরো বিশ্বে বিক্রি হয় ১ কোটি ৮০ লাখ কপিরও বেশি।
এর আগের বছর প্রকাশিত ব্যান্ডের ‘সেভেনটি এইট হান্ড্রেড ডিগ্রিস ফারেনহাইট’ অ্যালবামটিও ১০৪ সপ্তাহ চার্টে ছিল।
‘বনজোভির’ গ্রেটেস্ট হিটস অ্যালবামটি বাজারে আসে ২০১০ সালের নভেম্বরে। চার্টের পাঁচ নম্বরে থেকে যাত্রা শুরু করে অ্যালবামটি। বনজোভির ১৬টি স্টুডিও অ্যালবামের মধ্যে ১৪টিই চার্টে জায়গা করে নিয়েছে।
‘বনজোভি’ ব্যস্ত এখন তাদের বায়োপিক নিয়ে। ব্যান্ডের শুরুর দিককার গল্প তুলে ধরা হবে তাদের বায়োপিকে।
র্যাপ গ্রুপ রানডিএমসির বায়োপিক ‘স্ট্রেইট আউট্টা কম্পটন’ ও এমিনেমের বায়োপিক ‘এইট মাইল’-এর নির্মাতারাই যুক্ত আছেন বনজোভির বায়োপিকের সঙ্গে, এমনটা জানিয়েছে ডেডলাইন ম্যাগাজিন।
সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে ব্যান্ডের প্রধান জন বনজোভিসহ অন্যান্যদের। সিনেমার মূল চরিত্রে কে অভিনয় করছেন সেটা এখনও প্রকাশ করেনি প্রযোজক ইউনিভার্সাল পিকচার্স।
সিনেমার কাজ শেষে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একাধিক কনসার্ট করবে ব্যান্ডটি। অগাস্টে তারা যাবে যুক্তরাজ্য সফরে।