২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হল অব ফেইম’: যে কারণে থাকছে না ‘আয়রন মেইডেন’

“পুরস্কার ও অন্যান্য স্বীকৃতির চেয়ে আয়রন মেইডেনের কাছে সবসময় ব্যান্ডের ভক্তদের সঙ্গে সম্পর্ক প্রাধান্য পেয়ে থাকে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 10:33 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

চলতি বছর রক অ্যান্ড রোলের ‘হল অব ফেইমে’ জায়গা পাচ্ছে আইকনিক ব্রিটিশ হেভি মেটাল ব্যান্ড ‘আয়রন মেইডেন’। তবে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে অনুষ্ঠানে তারা সম্মাননা নিতে উপস্থিত থাকতে পারছে না।

রক ও হেভি মেটাল মিউজিকভিত্তিক ম্যাগাজিন লাউডওয়্যার জানিয়েছে, নভেম্বরে লস অ্যাঞ্জেলেসের ওই অনুষ্ঠানে অংশ নিতে না পারার মূল কারণ হল অস্ট্রেলিয়া সফর।

ব্যান্ডের ম্যানেজার রব স্মলউড বিলবোর্ড ম্যাগাজিনকে ই-মেইলে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে নভেম্বরে যে সময়ে রক অ্যান্ড রোল হল অব ফেইমের সম্মাননা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, ওই সময় ‘আয়রন মেইডেন’ অস্ট্রেলিয়া সফরে থাকবে। তারা কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে জানিয়েছে যে, ব্যান্ডের কাছে ভক্তরা সবার আগে। আর যে কারণে কনসার্ট চলবে।

স্মলউড অবশ্য এটা নিশ্চিত করেননি যে ব্যান্ডের পক্ষ থেকে কোনো একজন অনুষ্ঠানে থাকবেন কী না। নভেম্বরের ১৩ ও ১৫ তারিখ অস্ট্রেলিয়ায় কনসার্ট করবে ‘আয়রন মেইডেন’। আর ‘হল অব ফেইম’ অনুষ্ঠান হবে ১৪ নভেম্বর।

স্মলউডের ই-মেইলে আরও বলা হয়, “আমরা ভক্তদের আশ্বস্ত করতে চাই যে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের কনসার্টের তারিখ পরিবর্তন হবে না। আমরা রক অ্যান্ড রোল হল অব ফেইম কর্তৃপক্ষকে আমাদের সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তবে, পুরস্কার ও অন্যান্য স্বীকৃতির চেয়ে আয়রন মেইডেনের কাছে সবসময় ব্যান্ডের ভক্তদের সঙ্গে সম্পর্ক প্রাধান্য পেয়ে থাকে।”

১৯৭৫ সালে বেজিস্ট স্টিভ হ্যারিস ইস্ট লন্ডনের লেটনে গঠন করেন আয়রন মেইডেন। ১৯৮০ সালে মুক্তি পায় তাদের প্রথম অ্যালবাম ‘আয়রন মেইডেন’। বিশ্বজুড়ে ব্যান্ডটি জনপ্রিয়তা প্রায় ১৯৮২ সালের ক্ল্যাসিক অ্যালবাম ‘নাম্বার অফ দ্য বিস্ট’ দিয়ে।

আয়রন মেইডেনের হাত ধরেই আশির দশকে জনপ্রিয় হয়ে ওঠে হেভি মেটাল। ‘নিউ ওয়েভ অফ ব্রিটিশ হেভি মেটাল’ ধারার প্রবর্তকও ধরা হয় ব্যান্ডটিকে।

১৭টি স্টুডিও অ্যালবাম ও ১৩টি লাইভ অ্যালবাম রয়েছে আয়রন মেইডেনের। ব্যান্ডের আইকনিক লাইনআপের বেজিস্ট স্টিভ হ্যারিস, ড্রামার নিকো ম্যাকব্রেইন, লিড গিটারিস্ট ডেভ মারে, এড্রিয়ান স্মিথ ও ভোকাল ব্রুস ডিকনসন হেভি মেটাল জগতে কিংবদন্তির পরিচিতি পেয়েছেন।

আয়রন মেইডেনের গান থেকে অনুপ্রেরণা নিয়ে বহু ব্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে মেটালিকা, মেগাডেথ, ড্রিম থিয়েটার, অ্যাভেঞ্জ সেভেনফোল্ড ও ট্রিভিয়ামের মতো জনপ্রিয় মেটাল ও রক ব্যান্ড।

এ বছর আয়রন মেইডেন ছাড়াও হল অফ ফেইমে জায়গা পাওয়া ১৮জন শিল্পীর মধ্যে আছে প্রোগ্রেসিভ রক ব্যান্ড জেনেসিসের ড্রামার ও ভোকাল ফিল কলিন্স, ইংলিশ রক তারকা বিলি আইডল, ব্রিট পপ ব্যান্ড ওয়েসিস, হিপ হপ গ্রুপ উ ট্যাং ক্ল্যান, ব্রিটিশ-নাইজেরিয়ান গায়িকা শাডে এডু ও রক প্রযোজক রিক রুবিন।