উদযাপিত হল ‘ব্যান্ড ফেস্টের' দ্বাদশ আসর
ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে আয়োজিত এই উৎসবে সোমবার দিনভর পারফর্ম করেছে ১২টি ব্যান্ড।
গান, গল্প, আড্ডা ও শিল্পীদের মিলনমেলায় জমে উঠেছিল ব্যান্ডসংগীতের উৎসব ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’।
ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে আয়োজিত এই উৎসবে সোমবার দিনভর পারফর্ম করেছে ১২টি ব্যান্ড।
প্রতি বছরের মত চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘ব্যান্ড ফেস্ট’। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই উৎসবে একে একে মঞ্চে ওঠে ‘উচ্চারণ’, ‘পার্থিব’, ‘শিরোনামহীন’, ‘ডিফারেন্ট টাচ’, ‘অবসকিউর’, ‘নোভা’, ‘নির্ঝর’, ‘মেহরীন’, ‘সিম্ফনি’, ‘স্টারকিং’, ‘তরুণ’ ও ‘ফিডব্যাক’।
চ্যানেল আই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যান্ড ফেস্টে অংশ নিয়ে মানাম আহমেদ বলেন, “এই ফেস্ট ব্যান্ডসংগীতকে দিয়েছে এক ভিন্ন মর্যাদা ও গ্রহণযোগ্যতা।”
উৎসবে ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলমও। তিনি বলেন, “ব্যান্ডের জন্য আইয়ুব বাচ্চু একটি আলাদা দিন চেয়েছিলেন, ফরিদুর রেজা সাগর সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। এটা ব্যান্ড সংগীতের জন্য সত্যিই এক মাইলফলক সিদ্ধান্ত ছিল।”
উৎসবের শেষ অংশে কেক কেটে উদযাপন করা হয় ব্যান্ড ফেস্টের এক যুগ পূর্তি।
সেসময় মঞ্চে উপস্থিত হন শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, ব্যান্ডশিল্পী ফুয়াদ নাসের, মানাম আহমেদ, অবসকিউরের টিপুসহ অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর সদস্যরা।
প্রয়াত আইয়ুব বাচ্চুর আগ্রহে ২০১৪ সাল থেকে প্রতিবছর ১ ডিসেম্বর ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে উদযাপন করে আসছে চ্যানেল আই।
এবারের আয়োজনের প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম, অনুষ্ঠানটি প্রযোজনা করেন অনন্যা রুমা।
