Published : 08 Jul 2026, 10:47 AM
পারিবারিক টানাপোড়েন ও হাসির ঘটনায় তৈরি ওয়েব ড্রামা ‘আলাল দুলাল’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
ইমরান ইমনের পরিচালনায় এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আ খ ম হাসান এবং সাইদুর রহমান পাভেল।
নাটকের গল্প আবর্তিত হয়েছে আপন দুই ভাই আলাল ও দুলালের পৈতৃক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে। বড় ভাই আলালের নানা চতুরতা ও কূটচালের কাছে সহজ-সরল ছোট ভাই দুলাল সবসময়ই ঠকতে থাকে। তবে শেষ পর্যন্ত দুলাল নিজের অধিকার বুঝে নিতে ঘুরে দাঁড়াবে কি না তা নিয়েই মূলত এগিয়েছে গল্প।

নাটকের পরিচালক ইমরান ইমন বলেন, "আলাল ও দুলাল চরিত্র দুটি আমাদের সমাজের চেনা দুটি রূপ। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মাঝে লুকিয়ে থাকা সামাজিক অসঙ্গতিগুলো আমরা হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মুক্তির পর থেকে দর্শকদের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছি।"
মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে এই নাটকে আরও অভিনয় করেছেন মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ অনেকে।