০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় থিয়েটারের ‘নিখাই’, গল্প ব্রিটিশ শাসনামলের

“বৈষম্যহীন মানবিকতাকে উপজীব্য করে এই নাটকের গল্প লেখা হয়েছে।”

শিল্পকলায় থিয়েটারের ‘নিখাই’, গল্প ব্রিটিশ শাসনামলের
‘নিখাই’ নাটকের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 11:59 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

আত্মপরিচয়-সন্ধানীর গল্পে নাট্যদল থিয়েটার 'নিখাই' নামের যে নাটকটি এর আগে দর্শকদের সামনে এনেছিল, সেটির ফের প্রদর্শনী হতে চলেছে। 

এবারেরটি দলের ৩৪তম প্রযোজনা।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দেখা যাবে নাটকটি। 'নিখাই' রচনা ও নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।

ব্রিটিশ শাসনামলের একটি স্টিমার ঘাটকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনী। সেখানে নানা ধরনের লোকের আনাগোণা। স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। কিন্তু এক বৃদ্ধ ১০ বছর ধরে এই ঘাটকে আঁকড়ে পড়ে আছেন। রাত-বিরাতে এই ঘাটে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায়।

একদিন হঠাৎ মাঝরাতে এক  দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির হন। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরি। কিন্তু কোনো মাঝি না পাওয়ায় অপেক্ষা করতে হয় তাদের। এরপর একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস। এভাবেই এগিয়ে যায় আত্মপরিচয়-সন্ধানী ‘নিখাই’ নাটকের কাহিনী।

নাটকটি নিয়ে নির্দেশক গাজী রাকায়েত বলেন, "পৃথিবীকে বাঁচাতে হলে মানুষের সঙ্গে মানুষের যে ব্যবধান, সেটাকে ঘোচাতে হবে। এর কোনো বিকল্প নেই। বৈষম্যহীন মানবিকতাকে ধারণ করেই আমার এ নাটকের কাহিনী।"

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যকর্মীরা।