Published : 25 Sep 2025, 12:07 PM
'এক নির্ঝরের গান’ প্রকল্প থেকে এবার আসছে ‘বুঝলাম’ শিরোনামের নতুন গানের অ্যালবাম।
চার শিল্পীর চারটি গান দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যালবাম।
পরিচালক ও সুরকার এনামুল করিম নির্ঝর বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে প্রতি সপ্তাহে 'বুঝলাম' অ্যালবামের একটি করে গান প্রকাশ হবে ‘গানশালা ইকেএনসির' ইউটিউব চ্যানেলে।
নির্ঝরের কথা ও সুরে অ্যালবামের ‘দৃশ্যের ছায়া’ গানটি গেয়েছেন সোমনুর মনির কোনাল; ‘বুঝলাম’ গেয়েছেন মাশা ইসলাম।
এছাড়া ‘বোঝাপড়া শব্দটা’ গান শোনা যাবে অন্তরা রহমানের কণ্ঠে এবং ‘থাকলে সাহস’ গেয়েছেন দোলা রহমান।
চারটি গানের বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকীত্বের বৈচিত্র্য অনুভূতি। গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
গানগুলোর কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরনের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে বলে মনে করছেন নির্ঝর।
অ্যালবাম নিয়ে সংগীত পরিচালক অটমনাল মুন বলেন, “এক নির্ঝরের গানের এ অ্যালবামটি একটু ব্যতিক্রম। চারজন নারী কণ্ঠশিল্পী ব্লুজ ঘরানার গানগুলো গেয়েছেন। আশা করি, গানগুলো আপনাদের ভালো লাগবে।"