Published : 17 Dec 2022, 06:00 PM
আকর্ষণীয় দৈহিক গঠন জন আব্রাহামকে নিয়ে এসেছিল বলিউডে; তার প্রথম সিনেমার নামই ছিল জিসম বা ‘দেহ’; শুরুতে প্রশংসা ভালোও লাগত তার, তবে এখন আর লাগে না।
অভিনয় ছাপিয়ে তার শরীর নিয়েই আলোচনা আটকে যাওয়ায় এখন নিজেকে ‘মাংসের দোকান’ মনে হয় তার।
প্রায় দুই দশক ধরে হিন্দি সিনেমা করে যাওয়া জন শনিবার তার ৫০তম জন্মবার্ষিকীকে এক সাক্ষাৎকারে একথা বলেন বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।
মডেল হিসেবে নিজেকে ভারতে শীর্ষ পর্যায়ে যখন নিয়ে গিয়েছিলেন জন, তখন বলিউড থেকে তার ডাক আসে। ২০০৩ সালে বিপাশা বসুর সঙ্গে তার প্রথম সিনেমা জিসম সাড়া ফেলে দিয়েছিল। বিপাশা তখন তার প্রেমেরও সঙ্গী ছিলেন।
এরপর একের পর এক সিনেমা করে গেলেও মডেল কিংবা সুঠাম দেহের জন হিসেবেই থেকে গেছেন তিনি, অভিনেতা হিসেবে নাম তার সেভাবে হয়নি।
সাক্ষাৎকারে তিনি বলেন, “নিজের শারীরিক গঠন নিয়ে গর্বিত আমি। সেই সাথে বেশ অনুভূতিপ্রবণ আবেগী মানুষও। তবে কী অদ্ভুতভাবে চূড়ান্ত অসন্তুষ্টির সময়ই সেরা অভিনয় করেছি আমি। রেগে গেলে সবচেয়ে ভালো কাজ হয় আমাকে দিয়ে
“মজার ব্যাপার হচ্ছে নারীরাও পুরুষদের মতোই প্রতিক্রিয়া দেখিয়েছে আমাকে নিয়ে। কারও কাছে কামুকতা মূখ্য হয়ে উঠেছে, কারও কাছে আবার ফিটনেস। কিন্তু সকল আলোচনা আমার শরীরে এসেই থামে। শরীর নিয়ে সকলের যত প্রশ্ন। শুরুর দিকে শারীরিক গঠন নিয়ে ভালো লাগা ছিল। তবে আজকাল নিজেকে মাংসের দোকান মনে হয়।”

জন আব্রাহামের জন্ম ১৯৭২ সালে ১৭ ডিসেম্বর মুম্বাইয়ে। পাঞ্জাবি গায়ক জ্যাজি বি,র ‘সুরমা’ গানের মিউজিক ভিডিও দিয়ে মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে জিসম ছাড়াও রয়েছে ‘ধুম’, ‘গরম মসলা’, ‘কাবুল এক্সপ্রেস’ ‘দোস্তানা’ ‘নিউ ইয়র্ক’, ‘হাউসফুল ২’ ‘রেস ২’, ‘ওয়েলকাম ব্যাক’, ‘ঢিশুম’, ‘সত্যমেব জয়তে’, ‘ভিকি ডোনার’, ‘বাটলা হাউস’, ‘ওয়াটার’, ‘মাদ্রাজ ক্যাফে’।
শিগগিরই ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে জনকে। সিনেমাটি ২৫ জানুয়ারি এটি মুক্তি পাবে।