২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

‘বিগ বস’ এ যোগ দেওয়ার জন্য যে শর্ত দেন নোরা

হাতে পয়সাকড়ি না থাকায় সমস্যায় পড়েন নোরা, ওই সময়ে ‘বিগ বস’-এ যোগ দেওয়ার প্রস্তাব পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 07:21 PM

Updated : 24 Sep 2026, 07:21 PM

রিয়েলিটি শো ‘বিগ বস ৯’ এ ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তবে সেখানে যাওয়ার পেছনে তার একটি উদ্দেশ্য ছিল।

এনডিটিভি জানিয়েছে, একটি পডকাস্টে নোরা ফাতেহি সালমান খান সঞ্চালিত ‘বিগ বস’-এ যোগ দেওয়ার কারণ খোলসা করেন।

তিনি বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে ‘বিগ বস ৯’-এ যান তিনি; প্রতিযোগিতা থেকে বাদ পড়েন ২০১৬ সালে। তবে বিগ বসের বাড়িতে ঢোকার আগে রেখেছিলেন শর্ত।

নোরার কথায় রিয়েলিটি শো তার খুব একটা আগ্রহের জায়গায় ছিল না। তবে নিজে যখন ‘বিগ বস’ এর অংশ হলেন তখন অবশ্য তার কিছু ধারণা বদলে যায় বলে জানিয়েছেন নোরা।

পডকাস্টে নোরা বলেন, ওই সময় একাধিক গানের কাজ করেও সময়মত পারিশ্রমিক পাচ্ছিলেন না তিনি। প্রযোজকেরা এজেন্সিকে টাকা দিলেও, তার হাতে সেই টাকা পৌঁছোতে দেরি হচ্ছিল। হাতে পয়সাকড়ি না থাকায় সমস্যায় পড়েন। ওই সময়ে ‘বিগ বস’-এ যোগ দেওয়ার প্রস্তাব পান তিনি।

নোরার কথায়, “টাকা পাচ্ছিলাম না, ঝামেলা হচ্ছিল, সব মিলিয়ে পরিস্থিতি পাগল করে দেওয়ার মত ছিল। এর মধ্যেই ‘বিগ বস’ থেকে ফোন করে জিজ্ঞাসা করা হল, ‘তুমি কি আসতে চাও?’ আমি বললাম, ‘না, চাই না। তোমরা আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারছ না’। এই সব বলছিলাম। তার পরে তারা টাকার অংকটা জানায়। সেটা শুনে রাজি হয়ে যাই!”

নোরা বলেন, এই ধরনের মঞ্চ একজন শিল্পীকে পরিচিতি এনে দিতে পারে। তবে তিনি ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হওয়ায় দীর্ঘদিন শোয়ে থাকার সম্ভাবনা বিশেষ ছিল না।

নোরার কথায়, “রিয়েলিটি শো খারাপ নয়। এটাও একটা মঞ্চ। বুদ্ধি করে ব্যবহার করতে পারলে খুব দ্রুত ঘরে ঘরে পরিচিতি পাওয়া যায়। আমি ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ ছিলাম, তাই বেশি দিন সেখানে থাকার কথা ছিল না। ভাবলাম, এর বদলে অন্য কিছু পাওয়া যায় কি না। আমি খুবই চাইতাম ‘ঝলক দিখলা যা’তে যোগ দিতে। একই চ্যানেলের অনুষ্ঠান। তাই তাদের বলেছিলাম, আমাকে ‘ঝলক’ দিতে হবে, তার বদলে আমি ‘বিগ বস’ করব। পরে আমি ‘ঝলক’-এ যোগ দিতে পেরেছিলাম।”

‘বিগ বস্ ৯’-এর বাড়িতে থাকাকালীন প্রিন্স নারুলার সঙ্গে ‘ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল’ নোরার। দুজনকে প্রায়ই একে অপরের সঙ্গে খুনসুটি করতে ও ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা যেত। এমনকি নোরাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন প্রিন্স। তাকে আংটি ও ফুলও দিয়েছিলেন তিনি। নোরাকে শোয়ে পাঠানোর জন্য ‘বিগ বস’-এর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন প্রিন্স।