Published : 20 Sep 2026, 12:47 AM
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ও অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমনি।
ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’ এর জন্য নির্মিত ৬০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের।
ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফুট এলাকার একটি শুটিংবাড়ি ও চ্যানেল আই ভবনে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে।
বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন অভিনেতা বর্ষণ৷
গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় প্রথমবার অভিনয় করা নিয়ে বর্ষণ গ্লিটজকে বলেন, "সেলিম ভাই আমার অন্যতম প্রিয় নির্মাতা। উনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এক কথায় চমৎকার।"
‘সেপারেশন’-এর গল্পে পরীমনিকে দেখা যাবে একটি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকের চরিত্রে; আর ইমতিয়াজ বর্ষণ অভিনয় করছেন একজন অধ্যাপকের ভূমিকায়। গল্পে তাদের দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন ও সম্পর্কের ওঠানামা উঠে আসবে।
‘সেপারেশন’ এ নিজের চরিত্র নিয়ে বর্ষণ বলেন, "সিনেমায় আমার চরিত্রটি একজন গবেষকের, তিনি একজন অধ্যাপক। তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের নানা দিক উঠে এসেছে।"
প্রথমবার পরীমণির সঙ্গে কাজ করা নিয়ে বর্ষণ বলেন, "আগে আমাদের মধ্যে কুশল বিনিময়ের সম্পর্ক থাকলেও একসঙ্গে অভিনয় করা হয়নি। সহশিল্পী হিসেবে পরীমনি ভীষণ আন্তরিক ও চমৎকার। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ সুন্দর ছিল।"
পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ জানাবে আইস্ক্রিন।
গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছিলেন পরীমনি। চার বছর পর আবারও এই নির্মাতার পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।
অন্যদিকে ইমতিয়াজ বর্ষণ বর্তমানে আরও বেশ কিছু ওয়েব ফিল্ম ও ফিকশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।