Published : 19 Jan 2023, 06:50 PM
অভিনেত্রী শার্লিন চোপড়ার অভিযোগের জের ধরে আটক করা হল বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্তকে।
বৃহস্পতিবার তাকে আটক করে মুম্বাইয়ের আম্বোলি থানায় নিয়ে আসার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এদিন রাখির নতুন ডান্স একাডেমির যাত্রা শুরুর কথা ছিল। তার কয়েক ঘণ্টা আগেই পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
এই ঘটনার পর শার্লিন টুইটারে লেখেন, “ব্রেকিং নিউজ!!! রাখি সাওয়ান্তকে এফআইআর ৮৮৩/২০২২-এর ভিত্তিতে গ্রেপ্তার করেছে আম্বলি থানা পুলিশ। তার আগাম জামিনের আর্জিও খারিজ করেছে মুম্বাই কোর্ট।”
BREAKING NEWS!!!
— Sherlyn Chopra (शर्लिन चोपड़ा)???? (@SherlynChopra) January 19, 2023
AMBOLI POLICE HAS ARRESTED RAKHI SAWANT IN RESPECT WITH FIR 883/2022
YESTERDAY, RAKHI SAWANT’S ABA 1870/2022 WAS REJECTED BY MUMBAI SESSIONS COURT
তবে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রাখিকে পুলিশ ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তাকে বিকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।
আপত্তিকর ভিডিও দেখানো এবং ভাষা ব্যবহারের অভিযোগে গত নভেম্বরে রাখির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছিল।
গত বছর ফারাহ খানের ভাই পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মামলা করেছিলেন শার্লিন। ‘মি টু’ আন্দোলন চলাকালীন শার্লিন ছাড়াও আর নয়জন নারী অভিযোগ আনেন তার বিরুদ্ধে।
অভিনেত্রী দাবি করেছিলেন, সাজিদ খান প্রভাবশালী হওয়ায় মুম্বাই পুলিশের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাননি তিনি।
শার্লিনকে সেসময় শোধরানোর পরামর্শ দিয়ে রাখি বলেছিলেন, “সাজিদ খানের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি, কেন পুলিশ কোনো পদক্ষেপ নেবে? শাড়ি পরে মেকআপ করে অন্যকে দোষারোপ করতে লজ্জা করে না!”
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গত বছর নভেম্বরে শার্লিন ‘বিগ বস’ খ্যাত রাখির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
বেফাঁস মন্তব্যের জন্য বরাবরই বিতর্কিত রাখি। গত বছরের জুলাই মাসে প্রেমিক আদিল খান দুররানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। সেসময় বিয়ের আইনি নথির ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। প্রাথমিকভাবে খবরটি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন আদিল।
রাখি এখন সন্তানসম্ভবা বলে গুঞ্জন ছড়িয়েছে। তার মধ্যেই পুলিশি ঝামেলায় জড়ালেন তিনি।