আবার মঞ্চে আসছে ‘ক্যাফে দ্য ভলতে’
নাটকটি দেখতে এলে শিশুদের সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে হান্ট থিয়েটার।
হান্ট থিয়েটারের প্রযোজনায় আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘ক্যাফে দ্য্য ভলতে’।
এক অভিজাত ক্যাফেতে রহস্যময় চরিত্র ম্যাক্স ডি রোজারিওকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। নাটকটির মূলভাবনা, গল্প ও নির্দেশনায় আছেন ডায়না ম্যারেলিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রবি ও সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দেখা যাবে ‘ক্যাফে দ্য ভলতে’।
নাটকের গল্পে দেখা যাবে, ম্যাক্স ডি রোজারিও এক কামেল শেফ। তিনি বাঙালি খ্রিষ্টান। তার রেস্তোরাঁর নাম ‘ক্যাফে দ্য ভলতে’। সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাক্স জিঞ্জিরা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন।
ম্যাক্স বদলা চাননি। ইনসাফ কায়েম করতেও চাননি। শুধু তার হৃদয় ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে। তাহলে কেন নিরস্ত্র দিনক্ষণে এই সশস্ত্র ক্যু, সেসব উত্তর জানাবে এই নাটক।
‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের চিত্রনাট্য করেছেন আবিদ হাসান, সংলাপ যোজনায় ছিলেন তানভীর চৌধুরী। আলোক পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীতভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জোরোম মধু ও রূপসজ্জায় জোয়ান্না সূচনা।
নাটকটিতে মঞ্চে দেখা যাবে মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খুরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন ও শুভাশিস হালদারকে।
নাটকটি দেখতে এলে শিশুদের সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে হান্ট থিয়েটার।
