দুবাইয়ে শাহরুখের নামে টাওয়ার
প্রথমবারের মত দুবাইয়ে কোনও আকাশছোঁয়া বাণিজ্যিক ভবনের নামে যুক্ত হল কোনো অভিনেতার নাম।
বলিউড কিং শাহরুখ খানের নামে দুবাইয়ে গড়ে উঠছে এক আকাশচুম্বী ভবন। ৫৫ তলা এই ভবনের নাম হবে ‘শাহরুখজ বাই দানিউব’।
মুম্বাইয়ে বৃহস্পতিবার এই টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়; যেখানে শাহরুখ নিজে উপস্থিত ছিলেন।
বলিউড হাঙ্গামা লিখেছে, প্রথমবারের মত দুবাইয়ে কোনো আকাশছোঁয়া বাণিজ্যিক ভবনের নামে কোনো অভিনেতার নাম যুক্ত হল। এর মধ্য দিয়ে শাহরুখ খান নাম লেখালেন আরেক ইতিহাসের পাতায়।
দানিউব গ্রুপের চেয়ারম্যান রিজওয়ান সাজানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চে উঠতেই শাহরুখ খান ভেসে যান হাততালি আর উচ্ছ্বাসে। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন নৃত্য পরিচালক ফারাহ খান।
মঞ্চে উঠে শাহরুখ খান বলেন, “আমি এবার ঈদের চাঁদের মত হয়ে গেছি, বাইরে কম আসি, কিন্তু এলে ধামাকা নিয়েই আসি!"
অনুষ্ঠানে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিনেতা। মায়ের কথা স্মরণ করে বলেন, “আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। আমার জন্য এটা দারুণ সম্মান।"
এরপর খানিকটা রসিকতার সুরে অভিনেতা বলেন, "আমি যখন আমার সন্তানদের দুবাইয়ে নিয়ে যাব, তখন বলব ‘দেখ, এটা তোমাদের বাবার বিল্ডিং' যদিও এটা রিজওয়ান ভাইয়ের! কিন্তু নাম তো আমারই লেখা থাকবে!”
শাহরুখ ভেবেছিলেন টাওয়ারের উদ্বোধন দুবাইতে হবে। কিন্তু রিজওয়ান সাজান তাকে বলেন, “না, আমার দেশ আমার খুব কাছের। তাই এটা মুম্বাইয়ে লঞ্চ করতে চাই।”
‘শাহরুখজ বাই দানিউব’ ভবনটি একটি ৫৫তলা অফিস টাওয়ার, যেখানে হেলিপ্যাড থেকে শুরু করে ভবিষ্যতের ‘এয়ার ট্যাক্সি’ স্টেশন পর্যন্ত থাকবে।
ভবনের প্রবেশমুখে থাকবে শাহরুখ খানের বিখ্যাত হাত মেলে দাঁড়ানো স্ট্যাচু।
অনুষ্ঠানে রিজওয়ান সাজানের ছেলে অ্যাডেল সাজান বলেন, “এটা শুধু একটা টাওয়ার নয়; আমরা চাই এটি একটি পর্যটন স্থানে পরিণত হোক। যেমন আমার মা মুম্বাই এলে আগে মান্নাতের সামনে ছবি তোলে, তেমনই লাখ লাখ ভারতীয় দুবাইয়ে গিয়ে শাহরুখের ভাস্কর্যের সঙ্গে ছবি তুলবে।”
শাহরুখের নামে টাওয়ার নির্মাণের খবর ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন নায়কের ভক্তরা।
শাহরুখকে আগামী বছর দেখা যাবে 'কিং' সিনেমায়। যেখানে বড় পর্দায় প্রথমবারের মত তার মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। বাবা-মেয়েকে পর্দায় গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে।
এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।
