অমিতাভের নামই বাঁচিয়েছিল অপহৃত সাংবাদিকের প্রাণ!
শর্ত ছিল যদি ওই ব্যক্তি কখনো মুম্বাইয়ে আসেন, তাহলে তাকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে হবে।
ইরাকে মিলিশিয়াদের হাতে অপহৃত এক ভারতীয় সাংবাদিক যখন প্রাণ বাঁচানোর আশা প্রায় ছেড়েই দিচ্ছিলেন, তখন তিনি বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের নাম করে ছাড়া পেয়েছিলেন।
সাংবাদিকের প্রাণ বাঁচাতে অমিতাভের নেপথ্য ভূমিকার এই ঘটনা তুলে ধরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক হুসেইন জাহিদী ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ২০০৩ সালে ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, তিনি তখন খবর সংগ্রহের কাজে ওই সময়ে বাগদাদে ছিলেন।
জাহিদীর ভাষ্য, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর হাতে সাদ্দাম আটক হওয়ার পর তিনি চেষ্টা করছিলেন সাদ্দাম ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আর ওই কাজটি ‘কাল’ হয়ে দাঁড়ায় এই সাংবাদিকের জন্য।
“মিলিশিয়া বাহিনী আমাকে অপহরণ করে আমার চোখ বেঁধে অজ্ঞাত একটি জায়গায় নিয়ে যায়। তাদের অভিযোগ ছিল, আমার কাছে নাকি প্রাণঘাতি অস্ত্র রয়েছে। যদিও আমি নিরস্ত্র ছিলাম।”
অপহরণের পর কী ঘটেছিল?
জাহিদী বলেন, “আমার চারপাশে লম্বা দাড়িওয়ালা কিছু মানুষ ঘোরাফেরা করছিলেন। তাদের মধ্যে কেবল একজন ছিলেন লম্বা চুল এবং ক্লিন শেইভ করা। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি পাকিস্তানি কি না?”
এরপর জাহিদী নিজের ও দেশের নাম বলার পর লম্বা চুলের ওই ব্যক্তি তাকে প্রশ্ন করেন তিনি ‘আমিশা বক্কান’কে চেনেন কী না।
তখন সাংবাদিকের প্রথমেই মাথায় আসে ওই সময়ের নায়িকা আমিশা প্যাটেলের নাম। আমিশার নাম বলতেই ওই ব্যক্তি সাংঘাতিক জোরে ধমকে ওঠেন এবং বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান বলে জাহিদী জানিয়েছেন।
“কিছু সময় পর তিনি ফিরে আসেন, হাতে পরিচালক রমেশ সিপ্পি ‘শক্তি’ সিনেমার একটি ছবি নিয়ে। যেখানে দীলিপ কুমার আর অমিতাভ বচ্চন আছেন। আমি বুঝতে পারলাম ‘আমিশা বক্কান’ বলতে তিনি অমিতাভ বচ্চনকে বোঝাতে চাইছিলেন।
“সঙ্গে সঙ্গে মনে হল অমিতাভকে চিনতে পারায় এই যাত্রায় বেঁচেও যেতে পারি। আমার এও মনে হল এই ব্যক্তিটি ‘শক্তি’ সিনেমায় অমিতাভের চরিত্রকে কিছুটা নকল করে আমার সঙ্গে কথা বলছেন।”
এরপর কীভাবে মিলিশিয়াদের হাত থেকে মুক্তি মিলল সেই বর্ণনায় জাহিদী বলেছেন, ছাড়া পেতে তাকে একটি নোট লিখতে বাধ্য করা হয়। ওই লেখার বিষয়বস্তু হল যদি ওই ব্যক্তি কখনো মুম্বাইয়ে আসেন, তাহলে তাকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে হবে।
“নোট লিখতে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম এবং আমার জীবন বাঁচিয়েছিলাম।”
‘শক্তি’ সিনেমা মুক্তি পায় ১৯৮২ সালে। চিত্রনাট্যকার জুটি সেলিম খান ও জাভেদ আখতারের যৌথ ২৪টি চিত্রনাট্যের একটি সিনেমা হল ‘শক্তি’। যেখানে অমিতাভ ছাড়াও ছিলেন দীলিপ কুমার, রাখি গুলজার, স্মিতা পাতিল, অমরেশ পুরিসহ আরো অনেকে।
এছাড়া একমাত্র ‘শক্তি’ সিনেমাতেই দীলিপ কুমার ও অমিতাভকে একসঙ্গে দেখা গিয়েছিল।
