কিংবদন্তি ‘রেগে’ শিল্পী জিমি ক্লিফ আর নেই
খিঁচুনি এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
রেগে সংগীতকে জনপ্রিয় করে তোলা শিল্পী জিমি ক্লিফ পাড়ি দিয়েছেন অনন্ত যাত্রায়।
জনপ্রিয় ও খ্যাতিমান এই জ্যামাইকান গায়ক ৮১ বছর বয়সে মারা গেছেন সোমবার। তার স্ত্রী লতিফা চেম্বার্স স্বামীর মৃত্যুর খবর জানিয়েছেন ইনস্টাগ্রামে।
লতিফা লেখেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমার স্বামী জিমি ক্লিফ আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। খিঁচুনি এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি তার পরিবার, বন্ধু, সহশিল্পী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। যারা তার এই দীর্ঘ যাত্রায় সঙ্গ দিয়েছে। বিশ্বজুড়ে তার ভক্তদের বলতে চাই. আপনাদের সমর্থনই ছিল তার পুরো ক্যারিয়ারের মূল শক্তি। তিনি প্রতিটি ভক্তের ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতেন।”
‘ইউ ক্যান গেট ইট ইফ ইউ রিয়্যালি ওয়ান্ট’, ‘দ্য হার্ডার দে কাম’ এবং ‘ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’, ‘বিউটিফুল পিপল’ এর মত হিট গানের মাধ্যমে ক্লিফ সাড়া তুলেছিলেন।
২০১০ সালে রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন তিনি; গায়ক বব মার্লে ছাড়া তিনিই একমাত্র যিনি এই সম্মান অর্জন করেছেন।
ক্লিফের মৃত্যুতে জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস এক্সে শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি ক্লিফকে 'সত্যিকারের সাংস্কৃতিক মহীরুহ' মন্তব্য করে বলেন, 'তার সংগীত আমাদের জাতির হৃদয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।'
অভিনয়েও পদচারণা ছিল ক্লিফের। ১৯৭২ সালে মুক্তি পাওয়া 'দ্য হার্ডার দে কাম' সিনেমায় ক্লিফ 'আইভান মার্টিন' নামের এক তরুণের চরিত্রে অভিনয় করে। এই সিনেমাটি করে ভালোই পরিচিতি পান এই গায়ক।
সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে, জ্যামাইকার কিংস্টনে স্বপ্ন নিয়ে আসা এক তরুণের গানের মাধ্যমে দুনিয়ায় নাম করার লড়াই এবং শেষ পর্যন্ত অপরাধ জগতে তার জড়িয়ে পড়ার ঘটনা। এই সিনেমার সাউন্ডট্র্যাক যুক্তরাষ্ট্রে রেগে সংগীতকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা হয় এই সিনেমাটি ক্লিফকে তারকাখ্যাতি এনে দেয়।
ব্যক্তি ক্লিফের সঙ্গে তার অভিনীত চরিত্রের মিলও ছিল অনেকটা। এই গায়কের জন্ম ১৯৪৪ সালে জ্যামাইকার পশ্চিমাঞ্চলের সেন্ট জেমস প্যারিশে। সে সময় হওয়া এক ঘূর্ণিঝড়ে তাদের পারিবারিক বাড়িও ধ্বংস হয়েছিল। জন্মের সময় তার নাম ছিল জেমস চেম্বার্স। আট ভাইবোনের মধ্যে ক্লিফ দারিদ্র্যের মধ্যেই বেড়ে ওঠেন। ছোটবেলায় তিনি চার্চে গান গাইতেন এবং পরবর্তীতে 'জিমি ক্লিফ' নাম গ্রহণ করেন।
ক্লিফ জ্যামাইকার রাজধানী কিংস্টনে চলে আসেন ১৯৬১ সালে। মাত্র ১৪ বছর বয়সেই তার গাওয়া 'হারিকেন হ্যাটি' গানটি জ্যামাইকার মিউজিক চার্টের শীর্ষে উঠে আসে। এরপর তিনি লন্ডনে পাড়ি জমান, উদ্দেশ্য ছিল ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করা।
ক্লিফ নিজের প্রথম অ্যালবাম রেকর্ড করেন লন্ডনে, যেখানে আর অ্যান্ড বি ঘরানার প্রভাব স্পষ্ট ছিল। পরবর্তীতে তিনি জ্যামাইকায় ফিরে আসেন এবং গানেন চর্চা চালিয়ে যান।
১৯৭০ সালে যুক্তরাজ্যের চার্টে ক্লিফের তিনটি গান জায়গা করে নেন। সেগুলো হল 'ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, বিউটিফুল পিপল', 'ভিয়েতনাম' এবং ক্যাট স্টিভেন্সের গাওয়া 'ওয়াইল্ড ওয়ার্ল্ড'-এর কাভার সংস্করণ।
বব ডিলান ক্লিফের গাওয়া 'ভিয়েতনাম' গানটিকে 'এযাবৎকালের সেরা প্রতিবাদী গান' বলে আখ্যা দেন পরবর্তীতে।
পরে ক্লিফ রোলিং স্টোনস, এলভিস কস্টেলো, অ্যানি লেনক্স এবং পল সাইমনের মতো বিশ্বের বহু খ্যাতনামা শিল্পীর সঙ্গে কাজ করেন। ১৯৯৩ সালে 'কুল রানিংস' সিনেমার জন্য তিনি 'আই ক্যান সি ক্লিয়ারলি নাও' গানটি রেকর্ড করেন। এই গানটি যা মুক্তির পরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
