‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ঢাকার বাইরে
বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সৈয়দ শামসুল হকের কালজয়ী কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবার দেখতে পারবে সিরাজগঞ্জের দর্শকরা।
‘সংস্কৃতির বন্ধনে অহিংস পৃথিবী গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার তাদের ৩১ তম প্রযোজনা হিসেবে মঞ্চে আনছে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়'।
তোফা হাসানের নির্দেশনায় এবং সামিনা ইসলাম নীলার সহকারী নির্দেশনায় বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শেষভাগের প্রেক্ষাপটে রচিত এই নাটকে মুক্তিকামী মানুষের সংগ্রাম, পাকিস্তানি বাহিনীর নৃশংসতা এবং স্থানীয় দোসরদের নৈতিক পরাজয় ফুটে উঠেছে।
নাটকের মূল চরিত্র এক গ্রামের প্রতাপশালী ‘মাতবর’, যিনি পাক বাহিনীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে। ঘটনার ধারাবাহিকতায় এক পর্যায়ে উন্মোচিত হয় যে, তার নিজের মেয়েকেও রেহাই দেয়নি পাকিস্তানি সেনারা। মাতবরের মেয়ে নিজেই এ সত্য প্রকাশ করলে ক্ষুব্ধ গ্রামবাসী, আশ্রিত পীর সাহেব এবং লাঠিয়ালরা তার বিরুদ্ধে সোচ্চার হয়।
শেষপর্যন্ত নিজের অপমান ও লজ্জায় মাতবরের মেয়ে আত্মহত্যা করলে সমবেত জনতা মাতবরের ওপর চড়াও হয় এবং তাকে হত্যার মাধ্যমে নাটকের পরিসমাপ্তি ঘটে।
নাটকটির নির্দেশনা নিয়ে তোফা হাসান বলেন, "সৈয়দ শামসুল হকের এমন একটি অসামান্য কাব্যনাট্য নির্দেশনার দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন রোমাঞ্চকর ছিল, তেমনি চরিত্র নির্বাচন ও দলগত প্রস্তুতি নিয়ে নানান চড়াই-উৎরাই পার হতে হয়েছে। সীমিত সময়ের প্রস্তুতিতে সব পাত্র-পাত্রী তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। দর্শক নাটকটি ভালোভাবে গ্রহণ করলেই আমাদের সফলতা।"
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তোফা হাসান, সামিনা ইসলাম নীলা, মো.আব্দুল কাইয়ুম, রেজওয়ান আহমেদ সৌরভ, সিরাজুল ইসলাম, মেহেদী জামান সুহাস, তোকি তাহমিদ সামী, এস এম নুরুজ্জামান আনন্দ, সাবিনা ইয়াসমিন সুইটি, মমিন হান্নান, মো. জাহাঙ্গীর আলম, তানজিনা খানম তন্বী, ভাবনা খাতুন, মনোয়ার হোসেন, রাজু আহম্মেদ, ফরিদুল ইসলাম সোহাগ, জান্নাতুল ফেরদৌস কেয়া ও শাহ আলম কিরনসহ অনেকে।
'নাটক হবে জনগণের শিল্প'—এই আদর্শকে সামনে রেখে ১৯৭৮ সালের ১৯ জুলাই প্রতিষ্ঠিত হয় তরুণ সম্প্রদায়।
আবদুল্লাহ আল মামুন নির্দেশিত থিয়েটারের নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ প্রথম অভিনীত হয়েছিল ১৯৭৬ সালের ২৫ নভেম্বর, ঢাকার মহিলা সমিতি মঞ্চে।
