র্যাম্প থেকে নৃত্যমঞ্চে রিবা
দেশীয় সংস্কৃতির ঐতিহ্য উপস্থাপনায় এই পরিবেশনায় মিশ্রণ ঘটানো হয় ভরত নাট্যম, ক্লাসিক্যাল ও লোকজ নৃত্যের ধারা।
র্যাম্পের গণ্ডি পেরিয়ে এবার নাচের মঞ্চে নতুনভাবে হাজির হলেন মডেল সাবরিনা জামান রিবা। এক দলীয় নৃত্য পরিবেশনায় অংশ নিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
রাজধানীর বনানীতে যাত্রা বিরতিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে এক অনুষ্ঠানে দলীয় নৃত্যে অংশ নিয়েছিলেন রিবা।
সেই দিনের অভিজ্ঞতার নিয়ে রিবা বলেন, “সত্যি বলতে এমন একটা সুযোগ যে চলে আসবে সেটা কখনও ভাবিনি। যদিও শিল্পসত্তা মনের কারণে ছোটবেলাতেই নাচের প্রতি আগ্রহ ছিল। তাই ইচ্ছে ছিল নাচের স্কুলে ভর্তি হওয়ার। তবে পরিবারের ইচ্ছায় চলে আসি চিত্রকলায়। সেই হিসেবে ড্রইং, স্কেচ, পেইন্টিং সবই শেখা হল। কিন্তু নৃত্যের অভাবটা হয়ত থেকেই গিয়েছিল মনে। আর সেটা এবার পূরণ হল আমার খুব কাছের বন্ধু উপমার হাত ধরে।”
নৃত্যশিল্পী মারিয়া ফারিহ উপমার সঙ্গে রিবার বন্ধুত্বের শুরু ২০১০ সালে ক্যারিয়ারের একদম শুরু থেকে। এই বছর উপমা নিজের নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান ‘উপমায়া ড্যান্স অ্যাকাডেমি’ প্রতিষ্ঠার পরেই নৃত্যশিল্পী হওয়ার আকাঙ্ক্ষাটা পূরণের সুযোগ পেয়ে গেলেন এই মডেল।
রিবা বলেন, “ওর হাত ধরেই ২০১০ সালে একটা নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। তবে পূর্ণাঙ্গ মাত্রায় নৃত্য পরিবেশন করা বলতে যা বোঝায়, সেটা এবারই প্রথম।”
তিনি আরও বলেন, “উপমায়া ড্যান্স অ্যাকাডেমি’তে প্রথম সিজন শেষে দ্বিতীয় সিজন থেকে জয়েন করি। তারপর তিন মাসে ১২টি ক্লাস। এক ঘণ্টা করে প্রশিক্ষণে এই কয়েক মাসে খুব বেশি হলে ১২ ঘণ্টাই ক্লাস করেছি। এই বেসিক যে জ্ঞান পেয়েছি সেটার সূত্র ধরেই উপমার প্রস্তাব করে বসলো, আমরা সবাই মিলে একটা নৃত্যানুষ্ঠান করতে পারি। আমিও ভাবলাম যা শিখেছি সেটার প্রদর্শন তো করাই যায়। আর তারপরেই এই আয়োজন।”
দেশীয় সংস্কৃতির ঐতিহ্য উপস্থাপনায় এই পরিবেশনায় মিশ্রণ ঘটানো হয় ভরত নাট্যম, ক্লাসিক্যাল ও লোকজ নৃত্যের ধারা।
নৃত্যে নিয়মিত হবেন কিনা প্রশ্নে মডেল বলেন, “এটাকে আমি ব্যক্তিগত প্রমোশনই বলবো। এবার রিবাকে আপনার নতুন রূপে দেখছেন। কারণ আগে র্যাম্পে কোরিওগ্রাফির কারণে নাচ করা হয়েছে। তবে এই ভরত নাট্যম, ক্লাসিক্যাল ও লোকজ নৃত্যের মিলিয়ে একটি পূর্ণাঙ্গ নৃত্য পরিবেশনা আমার জীবনে প্রথম। ছোটবেলার স্বপ্ন কিছুটা হলেও দেখাতে পারলাম। উপমার সাথে আমরা যে উপমায়া হতে পেরেছি, সেটার জন্য অনেক ভালো লাগছে।”
