২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গানের দল ‘সমগীত’ যাচ্ছে ব্যাংকক ও ম্যানিলায়

‘ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ’ এর ৩০তম বর্ষপূর্তি এবং ‘এশিয়ান সাংস্কৃতিক সংহতি' বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবে দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 11:15 AM

Updated : 26 Aug 2026, 02:20 PM

আঞ্চলিক সাংস্কৃতিক সংহতি অনুষ্ঠানে অংশ নিতে গানের দল ‘সমগীত’ যাচ্ছে ব্যাংকক এবং ম্যানিলায়।

‘ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ’ এর ৩০তম বর্ষপূর্তি এবং ‘এশিয়ান সাংস্কৃতিক সংহতি' বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবে দলটি।

‘সমগীত’ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার দেশ ছাড়ছে তারা।

এই সফরে দলের ছয় সদস্য অংশ নিয়েছেন। তারা হলেন- অমল আকাশ, বীথি ঘোষ, অর্ক সুমন, সরফুদ্দিন রাব্বি, ফাহিম রহমান ও জয় দাস।

‘সমগীত’ বলছে, এই অনুষ্ঠানমালার আয়োজক যৌথভাবে ‘ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ’ এবং ‘এশিয়ান মিউজিক ফর পিপল’স পিস অ্যান্ড প্রগ্রেস’।

‘ফোকাস অন দ্য গ্লোবাল সাউথের’ ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠানটি হবে ২৫ সেপ্টেম্বর ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ‘সমগীতকে’ আমন্ত্রণ জানানো হয়েছে।

‘সমগীতের’ পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন হবে এবং এই দলটির গান পরিবেশনের মধ্য দিয়েই আয়োজনের সমাপ্তি হবে।

এর আগে ২৪ সেপ্টেম্বর ‘সমগীত’ অংশ নেবে একটি সম্মেলনে। যেখানে এশিয়ার বিভিন্ন দেশের সাংস্কৃতি কর্মীরা থাকবেন। 

ব্যাংককের পরে দি ইউনিভার্সিটি অব দি ফিলিপিনজের ইউপি এশিয়ান সেন্টারে ২৯ সেপ্টেম্বরে ‘কালচার অব সলিডারিটি ইন এশিয়া’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবে ‘সমগীত’। 

সেখানে ফিলিপাইনভিত্তিক সাংস্কৃতিক কর্মী ও সিভিল সোসাইটি সংগঠকদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সদস্যরা। 

এরপরে ৩০ সেপ্টেম্বর এশিয়া পিপলস মিউজিকের সংগীতায়োজনে ফিলিপাইনের সাংস্কৃতিক কর্মী, শিল্পীদের সাথে পরিবেশনায় থাকবে ‘সমগীত’। 

এছাড়া ১ অক্টোবর ক্যাম্পাস ভিত্তিক রেডিও ডিজেডইউপিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ উইথ সমগীত’ শিরোনামের আয়োজনে কথা ও গানে থাকার কথা রয়েছে ‘সমগীতের’।

এই সফরের মাধ্যমে এশিয়ার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার হবে বলে মনে করছেন ‘সমগীতের’ সদস্যরা।