Published : 21 Sep 2025, 02:25 PM
নানা ধাঁচের গল্পে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এবারে এসেছে বেশ কিছু সিরিজ ও সিনেমা।
পরিচালক ভিকি জাহেদ অতিপ্রাকৃত কিছু ঘটনা ও প্রেমের জটিলতা নিয়ে বানিয়েছেন শর্টফিল্ম ‘অন্ধ বালক’। চরকিতে চলছে এই সিনেমাটি।
হইচইয়ে এসেছে হরর-কমেডি ওয়েব সিরিজ ‘ভূততেরিকি’, যা বিভিন্ন সময়ের ভূতের গল্প ও হাসির ঘটনা নিয়ে তৈরি হয়েছে।
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড’, যেখানে বলিউড ইন্ডাস্ট্রিতে এক তরুণের সংগ্রামের গল্প বলা হয়েছে।
এছাড়া জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য মর্নিং শো’র চতুর্থ সিজন দেখাচ্ছে অ্যাপল টিভি।
চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
ভিকি জাহেদের 'অন্ধ বালক'
চরকিতে চলছে ‘অন্ধ বালক’। অতিপ্রাকৃত কিছু ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মানসহ অনেকে।
পরিচালক ভিকি জাহেদ চিত্রনাট্যে দেখিয়েছেন অর্ক ও দিনা নামের দুই তরুণ তরুণী একে অপরকে ভালোবাসেন। বাধ্য সন্তান দিনা তার বাবাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেই পারেন না। আর দিনার বাবা ভবিষ্যৎ বলার ক্ষমতা রাখেন।
বাবার বলে দেওয়া এক অন্ধ বালকের প্রসঙ্গ নিয়ে বাবা-মেয়ের সম্পর্কে ফাটল ধরে। অর্ক-দিনার প্রেমের পরিণতি কী হবে সেই গল্পই দেখা যাবে সিনেমায়।
হইচইয়ে 'ভূততেরিকি'
হইচইয়ের পর্দায় দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ভূততেরিকি। এই হরর কমেডি সিরিজটি নির্মাণ করেছেন কৌশিক হাফিজি।
এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, দীপান্বিতা সরকার, দেবরাজ ভট্টাচার্য, সৌনক কুণ্ডুসহ অনেকে।
চিত্রনাট্যে পলাশীর যুদ্ধের আমলের, বিদ্যাসাগরের সময়ের এবং ১৯৭০ এর দশকের ভূতদের আনাগোণা দেখানো হয়েছে। ভূতদের বাইরে আছে চার পেত্নী, যাদের শখ সিনেমার নায়িকা হওয়ার। তাই তারা হাত পা বেঁধে অনির্বাণ ভট্টাচার্যকে তুলে নিয়ে আসে তাদের নিয়ে সিনেমা বানানোর জন্য। সিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্বে আছেন অনির্বাণ ভট্টাচার্য।
আরিয়ানের 'দ্য ব্যাডস অব বলিউড'
নেটফ্লিক্সে এসেছে বহুল প্রতিক্ষীত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নির্মাণে হিন্দি ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অব বলিউড'।
এই সিরিজে ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, লক্ষ, অন্যা সিং, শাহের বম্বা, গৌতমী কাপুর, রাঘব জুয়ালসহ অনেকে অভিনয় করেছেন। সাত পর্বের এই সিরিজে আমির খান, রাণবীর কাপুর এবং শাহরুখ খানও অতিথি চরিত্রে আসবেন।
এখজানে আসমান সিং নামের এক তরুণকে মূল চরিত্রে আনা হয়েছে। যিনি স্বপ্ন দেখেন বড় তারকা হওয়ার। সুযোগও মেলে তার বলিউডে। হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে তার নিজের পরিবারের কেউ না থাকলেও প্রতিভা, পরিশ্রম আর ভাগ্যের জোরে বলিউডে জায়গা করে নেন আসমান সিং।
তবে আসমানের পায়ের নিচের শক্ত জমিন তৈরি করার সংগ্রাম সহজ ছিল না, সেসব তুলে ধরেছে 'দ্য ব্যাডস অব বলিউড'
জে কারসনের 'দ্য মর্নিং শো সিজন ৪'
অ্যাপল টিভিতে দেখা যাচ্ছে 'দ্য মর্নিং শোয়ের' চতুর্থ মৌসুম। ২০১৯ সালে মুক্তির পরই চর্চায় চলে আসে জেনিফার অ্যানিস্টন ও রিজ উইদারস্পুনের ড্রামা সিরিজটি।
এই মৌসুম তৃতীয় সিজনের দুই বছর পরের ঘটনা নিয়ে তৈরি হয়েছে। দুইটি চ্যানেল একীভূত হওয়ার পর, নতুন চ্যালেঞ্জে পড়েছে শোটি। এছাড়াও তাদের মোকাবিলা করতে হচ্ছে ডিপফেক, করপোরেট সেক্টরের চাপও।
জে কারসন নির্মিত এই মৌসুমে অভিনয় করেছেন রিজ উইদারস্পুন, জেনিফার অ্যানিস্টন, অ্যারন পিয়েরসহ অনেকে।