১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিয়াঙ্কা ও পরিণীতিকে নিয়ে আরেক চাচাতো বোনের অভিযোগ

মীরা আক্ষেপ করে বলেছেন, সিনেমায় ক্যারিয়ার গড়তে বোনদের কাছ থেকে কোনো সহযোগিতা তিনি পাননি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 11:21 AM

Updated : 24 Dec 2023, 11:21 AM

দুই চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়া বলিউড ইন্ডাস্ট্রিতে ‘বন্ধুসুলভ’ শিল্পী হিসেবে পরিচিত হলেও আত্মীয়-স্বজনদের এড়িয়ে চলার বদনাম আছে তাদের।

আনন্দবাজার লিখেছে, তাদের আরেক চাচাতো বোন মীরা চোপড়া এ নিয়ে প্রকাশ্যেই অভিযোগ করেছেন। সিনেমায় ক্যারিয়ার গড়তে বোনদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে আক্ষেপ করেছেন।

হিন্দি সিনেমার ময়দানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গত আট বছর ধরে হলিউডে একের পর এক কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা। যুক্তরাষ্ট্রের গায়ক নিক জোনাসকে বিয়ে করে থিতু হয়েছেন মার্কিন মুল্লুকে।

পরিণীতিও অভিনয় শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরেছেন গত কয়েক বছরে। কিছুদিন আগে রাজ্যসভার এক সদস্যকে বিয়ে করেছেন।

তাদেরই চাচাতো বোন মীরা এরইমধ্যে কয়েকটি সিনেমা করেছেন। কিন্তু এখন তিনি চাইছেন ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে।

মীরা এই মুহূর্তে রিয়েলিটি শো ‘বিগ বস ১৭’ এর প্রতিযোগী। সেখানে পরিবারের বড় দুই বোনকে নিয়ে মীরা বলেন, “দিদিরা বড় বড় অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে অনেকের জন্য তারা নাকি ভালো, বন্ধুসুলভ মানসিকতাও আছে তাদের। কিন্তু এই ছোট বোনের ইচ্ছা-আশা তারা পাত্তা দেননি। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের ব্যাপারে দুজনই কৌশলী।“

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘১৯২০: লন্ডন’ মীরার প্রথম সিনেমা। আগামীতে মুক্তি পেতে চলেছে ‘সফেদ’।

মীরার ভাষ্য, “প্রিয়াঙ্কা তাও আত্মীয়-স্বজনদের সঙ্গে কিছুটা যোগাযোগ রাখে। কিন্তু পরীণিতিরা রক্ষণশীল। তারা নিজেদের মত করে থাকতে পছন্দ করে।“

তবে প্রিয়াঙ্কা ও পরীণিতির সম্পর্ক দারুণ। প্রিয়াঙ্কা-নিকের সঙ্গে নানা দেশ ভ্রমণেও দেখা গেছে পরীণিতিকে।

আর প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন পরীণিতির বাগদান অনুষ্ঠানে। তবে পেশাগত ব্যস্ততায় ছোট বোনের বিয়ের সময় দেশে আসতে পারেননি। সেজন্য আফসোস করে সোশাল মিডিয়ায় কয়েক দফা পোস্ট দিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী।

আরও পড়ুন

পুরানো খবর:

বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন প্রিয়াঙ্কা?

পুরানো খবর:

২৩ বছর পর এসে নায়কের সমান পারিশ্রমিক পান প্রিয়াঙ্কা

পুরানো খবর:

চটেছেন পরিণীতি

পুরানো খবর:

সাতপাঁকে জড়াতে পরিণীতি-রাঘবেরও পছন্দ রাজস্থান