২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাস পর জানা গেল ‘টারজান’ তারকা রন এলির মৃত্যুর খবর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে মারা যান এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 08:49 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ষাটের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান’ এ অভিনয় করে খ্যাতি পাওয়া মার্কিন অভিনেতা রন এলি মারা গেছেন। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিজের বাড়িতে মারা যান এই অভিনেতা; তার বয়স হয়েছিল ৮৬ বছর।      

বিবিসি লিখেছে, এলির মেয়ে ক্রিশ্চেন ক্যাসেল এলি ইনস্টাগ্রামে তার বাবার মৃত্যুর খবর দিয়ে লিখেছেন, "বিশ্ব একজন মহান ব্যক্তিকে হারিয়েছে, আর আমি হারিয়েছি আমার বাবাকে।"  

‘টারজান’ খ্যাত এই তারকা গত ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে নিজ বাড়িতে মারা যান। প্রায় এক মাস পর তার মেয়ে অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করেন।    

বুধবার ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতার মেয়ে আরও লিখেছেন, "আমার বাবা এমন একজন ছিলেন, যাকে লোকেরা হিরো বলে ডাকত। তিনি একজন অভিনেতা, লেখক, কোচ, পরামর্শদাতা, পরিবারের মানুষ এবং নেতা ছিলেন।" 

১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশনে দুই মৌসুমে 'টারজান'-এর ৫৭টি এপিসোড সম্প্রচারিত হয়। সে সময় এলি তার প্রায় সব স্ট্যান্ট নিজেই করতেন। তা করতে গিয়ে দুবার তার কাঁধের হাড় ভেঙেছে, পিঠের পেশি ছিঁড়েছে, এবং দুবার সিংহের কামড় খেয়েছেন।  

এই টারজান চরিত্রটি সেসময় বেশ জনপ্রিয়তা পায়, যা তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হিসেবে ধরা হয়।    

এলি ২০০১ সালে অভিনয় থেকে অবসর নিয়ে লেখালেখিতে মন দেন এবং লেখক হিসেবে দুটি উপন্যাস উপহার দেন।  

২০১৪ সালে টেলিভিশন সিনেমা 'এক্সপেক্টিং অ্যামিশ' দিয়ে আবারও পর্দায় ফেরেন এলি। তখন একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন। 

রন এলির জন্ম ১৯৩৮ সালে, টেক্সাসে। ১৯৫৯ সালে তিনি স্কুলজীবনের প্রেমিকা জেন ট্রিপলেটকে বিয়ে করেন। তবে দুই বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।  

পরে ১৯৮০-র দশকে মিস আমেরিকা প্রতিযোগিতার উপস্থাপনার সময় ভ্যালেরির সঙ্গে পরিচয় হয় তার। পরে তারা বিয়ে করেন। তারা তিন সন্তানের বাবা-মা।  

২০১৯ সালে রন এলির জীবন মর্মান্তিক মোড় নেয়। তার ছেলের ছুরিকাঘাতে মৃত্যু হয় স্ত্রীর এবং ঘটনাস্থলেই পুলিশ তার ছেলে ক্যামেরনকে গুলি করে হত্যা করে। তারপর থেকে কিছুটা আড়ালে চলে যান এই অভিনেতা।