১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সমগীত এনেছে নতুন গান ‘ধর্ম যার যার’

বৈচিত্র্যময় সমাজে ‘পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠায়’ এই গান গুরুত্বপূর্ণ ‘ভূমিকা রাখতে পা’ বলে মনে করছে সমগীত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 01:47 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

গানের দল ‘সমগীত’তাদের নতুন গান ‘ধর্ম যার যার’ এর মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসব করেছে। 

ঢাকার পান্থপথের দৃক পাঠভবনে শুক্রবার এই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈচিত্র্যময় সমাজে ‘পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠায়’ এই গান গুরুত্বপূর্ণ ‘ভূমিকা রাখতে পা’ বলে মনে করছে সমগীত।

‘ধর্ম যার যার’ গানটির মাধ্যমে তারা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সমতা, সহমর্মিতা ও মানবিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে চায়।

গানটি সমগীতের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানের কথা ও সুর করেছেন অমল আকাশ, সংগীত পরিকল্পনা করেছেন অর্ক সুমন, অমল আকাশ। শব্দ গ্রহণে আছে বাংলা ঢোল।

গানটিতে কণ্ঠ দিয়েছেন অমল আকাশ, বীথি ঘোষ, রেবেকা নীলা, অর্ক সুমন। রিদম গিটারে আছেন অর্ক সুমন ও জয় দাস, ড্রামসে শরফুদ্দিন রাব্বি, বেস গিটারে ফাহিম, মন্দিরা ও খোলে সুমিত দাস, একতারায় অমল আকাশ এবং বাঁশিতে সায়ন্তন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী কফিল আহমেদ, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজুসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমগীতের সভাপ্রধান রেবেকা নীলা। এরপর শুরু হয় উদ্বোধনী পর্বের অংশ। সেখানে একে একে গান পরিবেশন করেন রবি বাউল, কীর্তনীয়া অর্চনা দেবনাথ ও মায়া সাহা এবং সুরেশ্বর দরবারের সোহাগ দেওয়ান।

এরপর উদ্বোধন করা হয় ‘ধর্ম যার যার’ গানটি। উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ। গানটির প্রথম প্রদর্শনীর পর উদ্বোধনী বক্তব্য রাখেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী মোস্তফা জামান, হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, শিল্পী অরূপ রাহী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সহজিয়া ব্যান্ডের রাজু, সায়ান,  অর্জুন কর এবং সবশেষে কবি ও শিল্পী কফিল আহমেদের বক্তব্য ও গানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।