যৌন হয়রানি: উইল স্মিথের বিরুদ্ধে মামলার গুরুত্বপূর্ণ অংশ খারিজ
বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফ অস্কার বিজয়ী তারকার বিরুদ্ধে করা মামলায় ‘অন্যায়ভাবে চাকরিচ্যুতি এবং প্রতিশোধমূলক আচরণের’ অভিযোগও করেছিলেন।
অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথের বিরুদ্ধে যৌন হয়রানির এক মামলার গুরুত্বপূর্ণ অংশ খারিজ হয়ে গেছে আদালতে।
পিপল ম্যাগাজিনের হাতে আসা একটি রায়ে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ার একজন বিচারক বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফের করা মূল অভিযোগে থাকা বিভিন্ন ধারার বিরুদ্ধে স্মিথের আপত্তি মঞ্জুর করেছেন।
বাদী জোসেফকে এসব অভিযোগ সংশোধন করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।
জোসেফের অভিযোগটি আইনগতভাবে ত্রুটিপূর্ণ ছিল, সেজন্যই মূলত স্মিথ আপত্তি তুলেছিলেন।
আদালত অভিনেতার আবেদনে সাড়া দিয়ে বলেছে, স্মিথ যৌন হয়রানি করার উদ্দেশ্য নিয়ে জোসেফের হোটেল কক্ষে ঢুকেছিলেন, বাদী যে এমন দাবি করেছেন, তা ঠিক নয়।
জোসেফকে বরখাস্ত করার সিদ্ধান্তে উইল স্মিথ জড়িত ছিলেন বলে মামলায় যে অভিযোগ করা হয়েছে, সেই দাবির সপক্ষেও কোনো বাস্তব তথ্য নেই বলেও বিচারক রায় দেন।
জোসেফ ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপিরিয়র কোর্টে ‘ব্যাড বয়েজ’ তারকা, ৫৭ বছর বয়সী স্মিথ এবং ট্রেবল স্টুডিওস ম্যানেজমেন্ট, ইনকর্পোরেটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, উাইল স্মিথ ২০২৪ সালের নভেম্বরে জোসেফকে তার ‘বেসড অন এ ট্রু স্টোরি: ২০২৫’ নামক বিশ্ব সফরে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এরপর স্মিথ ‘ইচ্ছাকৃতভাবে জোসেফকে আরও যৌন হয়রানির জন্য প্রলোভন দেখাচ্ছিলেন’।
অভিযোগে ২০২৫ সালের মার্চ মাসে স্মিথের সফরের সময় কথিত ‘ভয়াবহ ধারাবাহিক ঘটনাবলীর’ বর্ণনা তুলে ধরেন বাদী।
যেখানে জোসেফ দাবি করেছেন, কেউ একজন তার লাস ভেগাসের হোটেল কক্ষে ঢুকেছিল। তবে ‘জোরপূর্বক প্রবেশের’ কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।
‘যৌন হয়রানির’ প্রমাণ হিসেবে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যাওয়ার কথা বলা হয়েছে মামলার অভিযোগে। চিরকুটে লেখা ছিল, ‘ব্রায়ান, আমি ফিরে আসব...শুধু আমরা দুজন’। সাথে একটি হৃদয়ের ছবি আঁকা এবং ‘স্টোন এফ’ স্বাক্ষর করা ছিল।
এছাড়াও ওয়াইপস, একটি বিয়ারের বোতল, একটি লাল ব্যাকপ্যাক, অন্য একজনের নাম লেখা এইচআইভি ওষুধের একটি বোতল, কানের দুল এবং অপরিচিত একজনের হাসপাতাল থেকে ছাড়পত্রের কাগজও পাওয়ার দাবি করা হয় মামলায়।
বাদীর অভিযোগ, তিনি আতঙ্কে ছিলেন, অপরিচিত কেউ হয়ত তার কক্ষে এসে তাকে যৌন হয়রানি করবে।
মামলা দায়ের করার আগে ডিসেম্বরে ইনস্টাগ্রামে একটি ভিডিওতে জোসেফ বলেছিলেন, "বিষয়টি ঠিক কী ছিল, তা বিস্তারিত আমি বলতে পারছি না, কারণ এটি এখন আইনি বিষয়।
“কিন্তু আমি এই বিষয়ে মুখ খুলছি। কারণ, কর্মক্ষেত্রে যৌন অসদাচরণ বা নিরাপত্তা ঝুঁকির বিষয়ে অভিযোগ করার জন্য চাকরিচ্যুত হওয়া, দোষারোপ, অপমান, হুমকি বা এই জাতীয় কোনো কিছুর শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
মামলার পর উইল স্মিথের আইনজীবী অ্যালেন বি. গ্রোডস্কি ১ জানুয়ারি পিপল-কে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন জোসেফের অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন এবং বেপরোয়া।
তিনি বলেছিলেন, “এসব অভিযোগ দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করা হচ্ছে এবং আমরা এই দাবিগুলোর মোকাবিলা করতে ও সত্য প্রকাশে আইনি পথে হাঁটব।”
