২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘তুমি যাইওনা বন্ধু রে’ গাইলেন ঐশী

টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 01:04 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ঈদ ঘিরে লিভিং রুম সেশানে এবার এসেছে বাউল আবুল সরকারের গান ‘তুমি যাইওনা না বন্ধু রে’। 

পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। তার গানের সঙ্গে গিটার, হারমোনিয়ামসহ বিভিন্ন যন্ত্র বাজিয়েছেন এক ঝাঁক তরুণ বাজিয়ে।

গানের মিডিয়া অংশীদার ইস্টিশন কমিউনিকেশনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। 

ঐশী বলেন, “সংগীত পরিচালক পাভেল ভাইয়ের সঙ্গে গান করা হলে শুধু কাজই হয় না, মজা হয় অনেক, কিছু শেখাও হয়। লিভিং রুম সেশানে গাইতে গিয়ে মনে হয়েছে কোনো লিভিং রুমে বসে আড্ডার ছলে গানটি করেছি। দারুণ অভিজ্ঞতা।"

ফোক গানের প্রতি ভালো লাগার কথা জানিয়ে ঐশী বলেন, গাইতেও উপভোগ করি। আবুল সরকারের গান করতে পেরে দারুণ লেগেছে। এ ধরনের গানগুলো শ্রোতাদের কানে যদি আবার জেগে ওঠে, আমাদের বাংলা গানের ঐশ্বর্যটা আবার প্রতিষ্ঠিত হয়। আমরা তো কেবল পরিচিত কিছু নাম নিয়ে কাজ করি, আবুল সরকারের মত এমন যারা গুণী সাধক আছেন, তাদের নামগুলো উচ্চারিত হলে আমাদের বাংলা গানের ভাণ্ডার যে কত সমৃদ্ধ তা টের পাওয়া যাবে।”

পাভেলের ভাষ্য, তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে ঐশী ‘দারুণ’ কাজ করেন।

“আমরা পরিকল্পনা করেছিলাম ঐশী সবসময় যেভাবে গান করেন, ওই স্টাইল থেকে বের করে এনে একটু অন্যভাবে তার গায়কিকে উপস্থাপন করার। আইরিশ ব্লুগ্রাস প্যাটার্নে মিউজিকটা করার চেষ্টা করেছি। আর বাউল আবুল সরকার এমন একজন দার্শনিক ও শিল্পী যে তাদের মত সাধকদের নিয়ে কথা বলার সাহস আমার নেই। গানের কথায় এমন গভীর দর্শন ও জীবনবোধ যে ভালো লাগার মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে।”

লিভিং রুম সেশানে এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণের গান এবং হাসান মতিউর রহমান ও গীতিকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়েছে। 

এ প্ল্যাটফর্মে  প্রকাশিত গানগুলোতে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে শিল্পী হিসেবে পাওযা গেছে।

এই গানগুলোর অডিও প্রোডাকশন করে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেন মারুফ রায়হান। আর পরিবেশনায় মাশরুম এন্টারটেইনমেন্ট কাজ করে।